৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১৭:১৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৭:২৪ পিএম
ফাইল ফটো
তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার চেতনা প্রশ্নবিদ্ধ ও ধ্বংস হয়ে গেছে বলে মনে করছে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) নেতৃত্বাধীন জোট গণতন্ত্র বিকাশ মঞ্চ। ১৭টি রাজনৈতিক দলের এই জোটের দাবি, সংবিধান অনুযায়ী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হোক। তবে সেটা হতে হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। প্রাপ্ত আইনি ক্ষমতার মাধ্যমে এমন একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জোটের নেতার।
শনিবার (২৬ আগস্ট) বেলা ১১টায়জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়াম হলে আয়োজিত এক আলোচনা সভায় গণতন্ত্র বিকাশ মঞ্চের পক্ষে এসব দাবি জানানো হয়। ‘সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যমূলক নির্বাচনের দাবি’ শীর্ষক এই সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এনপিপির চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু।
আলোচনা সভায় জানানো হয়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৮৩টি আসনে প্রার্থী দিয়ে সারা দেশে সাংগঠনিক ভিত্তি প্রমান করেছে এনপিপি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপির নেতৃত্বে ৩০০ আসনে প্রার্থী দেবে গণতন্ত্র বিকাশ মঞ্চ। কারণ এবার জোটের সঙ্গে আরও কিছু দল সম্পৃক্ত হয়েছে। এজন্য জোটের পক্ষে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করা হয়েছে।
ছালাউদ্দিন ছালু বলেন, ‘একটি লক্ষ্য নিয়ে গণতন্ত্র বিকাশ মঞ্চ আত্মপ্রকাশ করেছিল। সেই লক্ষ্য হচ্ছে দেশে গণতন্ত্রের বিকাশ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখা। বিএনপিসহ কিছু দল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। ২০০৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদকে তত্ত্বাবধায়কের প্রধান করে বিএনপি তত্ত্বাবধায়কের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং সম্পূর্ণ ধ্বংস করেছিল। আবার অনেকে জাতীয় সরকার চাচ্ছে। আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না- জাতীয় সরকারও চাই না। আমরা সমৃদ্ধ, উন্নত এবং আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান সংবিধানের আলোকে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই।’
নির্বাচন কমিশনকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তাদেরকে দেওয়া আইনি ক্ষমতা যথাযথভাবে প্রয়োগ করে যেন জাতিকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেয়। নির্বাচন কমিশনকে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের প্রতি দাবি জানাই। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে সার্বিকভাবে বর্তমান সরকারের আন্তরিক সহায়তার আহ্বান জানাই। আমরা বিশ্বাস করি, বর্তমান নির্বাচন কমিশনের সদিচ্ছা, আন্তরিকতা ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমে অবাধ, সুষ্ঠ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।’
এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতা ছালু বলেন, ‘নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি (জাপা), ইসলামিক আন্দোলন বাংলাদেশের পরেই এনপিপির অবস্থান। এরপরেই আছে কমিউনিস্ট পার্টি। বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতাকর্মী আছেন। বাংলাদেশের ৬৪ জেলায় আমাদের কমিটি আছে। ৪০ জেলায় দলীয় কার্যালয় আছে। মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও ধর্মীয় মূল্যবোধের ভিত্তিতে গড়ে উঠেছে গণতন্ত্র বিকাশ মঞ্চ।’
এর আগে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের স্মরণ করেন ছালু। তিনি বলেন, ‘এই ঘৃণ্য হত্যাকাণ্ডে জড়িতদের ধিক্কার জানাই। হত্যাকাণ্ডে জড়িত বেশিরভাগ আসামির রায় কার্যকর করা হয়েছে। যারা পলাতক রয়েছে তাদের সাজা কার্যকর করার জোর দাবি জানাচ্ছি।’