প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৩ ১২:৪৭ পিএম
আপডেট : ২৬ আগস্ট ২০২৩ ১৩:১৬ পিএম
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গণতন্ত্র মঞ্চের গণমিছিল। প্রবা ফটো
সরকারকে সরাতে আগামী সেপ্টেম্বরে চূড়ান্ত লড়াই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির নেতৃত্বাধীন এক দফা আন্দোলনের শরিক জোট গণতন্ত্র মঞ্চের নেতারা। নেতারা বলেছেন, চলতি আগস্টে আন্দোলনে আগের গতি আনা হয়েছে। সেপ্টেম্বর মাসে এই সরকারের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই হবে।
শুক্রবার (২৫ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতারা এসব কথা বলেন।
বর্তমান সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের এক দফা দাবিতে গণমিছিলের আগে সমাবেশটির আয়োজন করে গণতন্ত্র মঞ্চ। সমাবেশ শেষে গণতন্ত্র মঞ্চের মিছিলটি শাহবাগ থেকে কাঁটাবন, নীলক্ষেত হয়ে নিউমার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে গণতন্ত্র মঞ্চের নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ‘আমাদের পদ্মা সেতু করতে ৪০ হাজার কোটি টাকা লাগে। এক্সপ্রেসওয়ের এক কিলোমিটার করতে লাগে ২৭২ কোটি টাকা। অথচ ভারত ৯০০ কোটি টাকায় চাঁদে অভিযান চালায়, এক হাজার ১৮০ কোটি টাকায় ভূপেন হাজারিকা সেতু করে। এই সরকার বিদায় নিলে এসব লুটপাটের হিসাব আদায় করা হবে।’
জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেন, দেশে লুটপাটের রাজত্ব চলছে। যারা বাংলাদেশ ব্যাংকের ডলার চুরির জন্য দায়ী, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বিরোধীদের আন্দোলন দমনে সরকার তৎপর।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, নির্বাচনের আগে সরকার দেশকে লুটের বাজারে পরিণত করেছে। সেপ্টেম্বর মাসে এই সরকারের বিরুদ্ধে আখেরি লড়াই হবে।
ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বলেন, সরকারের মন্ত্রীরা কয়েক মাস আগে থেকেই বলছিলেন, বাংলাদেশ ব্রিকসের সদস্য হচ্ছে। কিন্তু সম্মেলন থেকে খালি হাতে ফিরে আসছে।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেন, আওয়ামী লীগ এখন মাফিয়াদের সংগঠনে পরিণত হয়েছে। এই দলের ভেতরে যারা মানবিক, প্রকৃত রাজনীতিবিদ, তারা আজ কোণঠাসা।
সমাবেশে সভাপতির বক্তব্যে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। সরকার বুঝে গেছে, তাদের আয়ু ফুরিয়ে গেছে। তাই সব কিছু লুটপাট করছে। ব্যাংকগুলোকে ফোকলা করতে শুরু করেছে।
সমাবেশে আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ, ভাসানী অনুসারী পরিষদের সদস্যসচিব হাবিবুর রহমান, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান প্রমুখ।