× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি হত্যার রাজনীতি করে, লাশের রাজনীতি করে : শেখ পরশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ২০:৩৩ পিএম

বিএনপি হত্যার রাজনীতি করে, লাশের রাজনীতি করে : শেখ পরশ

আন্দোলনের নামে বিএনপি লাশ ফেলার রাজনীতি করতে চাচ্ছে মন্তব্য করে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, বিএনপি হিংসার রাজনীতি করে, বাংলা ভাইয়ের মতো জঙ্গি সৃষ্টি করে, বোমাবাজির রাজনীতি করে, হত্যার রাজনীতি করে, লাশের রাজনীতি করে।

শুক্রবার (২৫ আগস্ট) বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবন অডিটোরিয়ামে ঢাকা মহানগর যুবলীগ উত্তর আয়োজিত ১৫ আগস্ট ও ২১ আগস্টে শহীদদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুবলীগ উত্তরের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন।

শেখ ফজলে শামস পরশ বলেন, বিশ্বের বিভিন্ন দেশে কালজয়ী মহানায়কদের অনেকেই রাজনৈতিক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। কিন্তু সকল হত্যাকাণ্ডের মধ্যে একাধিক কারণে সবচেয়ে বর্বরোচিত হত্যাকাণ্ড হচ্ছে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সদস্যদের হত্যাকাণ্ড। এটি শুধু একটা রাজনৈতিক ব্যক্তির হত্যাকাণ্ড ছিল না এটি ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে জন্মের পরেই গলা টিপে হত্যা করা, নবজাতক দেশকে শিকলে বেঁধে ফেলা এবং নব্য উদ্ভাসিত জাতিসত্ত্বার পরিচয় মুছে ফেলা।

তিনি বলেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে সবচেয়ে নিকৃষ্ট এবং বর্বরোচিত হত্যাকাণ্ড। কারণ, এই হত্যাকাণ্ডের শিকার হয়েছিল এমন একটি পরিবার; যারা আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছিল।

খালেদা জিয়ার উদ্দেশ্যে তিনি বলেন, ১৫ আগস্টে আপনি কীভাবে জন্মদিন পালন করেন? আপনি নাকি দেশনেত্রী। আওয়ামী লীগ এদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দল, এদেশের জনগোষ্ঠীর একটি বৃহৎ অংশ বঙ্গবন্ধুকে ভালবাসে, নেতা মানে। তাহলে আপনি কীভাবে সেই জনগোষ্ঠীকে অবহেলা, উপেক্ষা করে জন্মদিন পালন করে? আপনি তো শিশু রাসেলকে দেখেছেন, কোলে নিয়েছেন তাহলে কীভাবে পারেন? আমি আপনার দেশনেত্রী উপাধীকে চ্যালেঞ্জ করছি। খালেদা জিয়া দেশনেত্রী তো দূরের কথা নেত্রী হওয়ার যোগ্যতাও রাখে না।

তিনি আরও বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে, বাংলা ভাইয়ের মতো জঙ্গি সৃষ্টি করে, বোমাবাজির রাজনীতি করে, হত্যার রাজনীতি করে, লাশের রাজনীতি করে। বিএনপি একটি সন্ত্রাসী দল, যারা পাকিস্তানী গোয়েন্দা সংস্থা এবং একটা এলিট শ্রেণির স্বার্থ রক্ষা করে নিজেদের টিকিয়ে রাখার জন্য। আজকে বাংলার যুবসমাজ বিএনপির রাজনীতি এদেশে নিষিদ্ধ করার দাবি করছে। বিএনপির রাজনীতি নিষিদ্ধ করা এই প্রগতিশীল ও উন্নয়নশীল বাংলাদেশের সময়ের দাবি। বিএনপির সৃষ্টি হয়েছিল এদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রতে পরিণত করতে, তারা মানুষের অধিকার হনন করতে পারদর্শী।

শেখ ফজলে শামস পরশ বলেন, ’৭৫-এ বঙ্গবন্ধুকে হত্যার পর থেকে ওরা স্বপ্নে বিভোর হয়ে আছে কীভাবে শেখ হাসিনাকে হত্যা করা যায়? সেই মানসিকতা থেকেইতো ২১ আগস্ট ঘটাতে চেয়েছিল? শুধু শেখ হাসিনা নয়, টার্গেট ছিল এদেশের মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী রাজনৈতিক দলের প্রথম সারির সকল নেতৃবৃন্দদের হত্যা করা। সুপরিকল্পিতভাবে আপনারা সেদিন আমাদের নেত্রী আইভী রহমানসহ প্রায় ২৫ জন নেতা-কর্মীকে হত্যা করেছেন। ২১ আগস্টের হত্যাকাণ্ডের ঘটনা এদেশের রাজনৈতিক শিষ্টাচার ও সংস্কৃতি ধ্বংসের পিছনে এককভাবে দায়ি। কি বর্বর এবং অসহিষ্ণু ওদের রাজনৈতিক মনোবৃত্তি। বিরোধী মতামত তো দূরের কথা, পুরো দলটাকেই আপনারা সাংগঠনিকভাবে নির্মূল করে দিতে চেয়েছিলেন। কিন্তু পারেন নাই। শেখ হাসিনা বেঁচে গিয়েছিলেন বলে আজ তিনি এই পৃথিবীর বুকে রাষ্ট্র পরিচালনায় এবং উন্নয়নে উৎকৃষ্ট উদাহরণ সৃষ্টি করতে পেরেছেন; যাকে এই পৃথিবীর বহু সুনামধন্য রাষ্ট্রনায়ক ও রাষ্ট্রবিজ্ঞানীরা অনুসরণ করেন।

তিনি বলেন, বিএনপির কোনো শক্তি নাই, সাহস নাই। জনগণের অধিকার খর্ব করার জন্যই ওরা রাজনীতির মাঠে নেমেছে। রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য ওরা মাঠ গরম করার চেষ্টা করছে। আর কিছু না।

তিনি আরও বলেন, যুবলীগ সৃষ্টি করেছিলেন শেখ ফজলুল হক মণি জনগণের অধিকার নিশ্চিত করার জন্য। আজকে একটা উন্নত বাংলাদেশের নাগরিক হবার বাঙালির অধিকার ও স্বপ্ন ওরা নস্যাৎ করতে চায়। তাই যুবলীগের প্রতিটি নেতাকর্মীকে আজকে সজাগ, সতর্ক ও সচেতন থাকতে হবে, যাতে করে আমাদের আগামীর প্রজন্মের ভবিষ্যৎ ওরা ধ্বংস করতে না পারে।

যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, মুক্তিযুদ্ধের চেতনা, স্বপ্ন বাস্তবায়নে, দেশ ও জাতির কল্যাণে যুবলীগের সৃষ্টি হয়েছিল।

তিনি বলেন, এদেশে তরুণ সমাজ, যুব সমাজ ২১ আগস্টের গ্রেনেড হামলার খুনি, ১০ ট্রাক অস্ত্রের চোরাচালান মামলার আসামি, জঙ্গিবাদের মদদদাতা, ছাত্র সমাজ, যুব সমাজ ধ্বংসকারী, বিদেশে অর্থ পাচারকারী খুনি তারেক রহমানকে আর চায় না। আমরা খুনি তারেক রহমানকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানাচ্ছি।

মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে তিনি বলেন, আপনি যদি বাংলাদেশের নাগরিক হতেন তাহলে খুনি তারেকের নির্দেশে পেট্রোল বোমা মেরে মানুষ পুড়িয়ে মারতেন না। আপনি যদি দেশকে ভালবাসতেন, দেশের মানুষকে ভালবাসতেন তাহলে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করতেন না। আপনি বলেন, পাকিস্তান আমলেই নাকি ভাল ছিলেন, আমি বলতে চাই, পাকিস্তান যদি আপনার কাছে এতই প্রিয় হয় তাহলে পাকিস্তানেই চলে যান।

যুবলীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রশ্নে যুবলীগ রাজপথে আপসহীন সেটা আপনারা ইতোমধ্যেই প্রমাণ করেছেন।

এ সময় যুবলীগের কেন্দ্রীয়, মহানগর ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা