প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৩ ১৮:০৭ পিএম
আপডেট : ২৫ আগস্ট ২০২৩ ১৮:৩৭ পিএম
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শান্তি সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। প্রবা ফটো
বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করার হুঁশিয়ারি উচ্চারণ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ’বিএনপি আবার দেশকে পিছিয়ে দিতে চায়। তাই আমরা দেশকে বাঁচাতে শান্তি সমাবেশ করছি। সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাব।’
শুক্রবার (২৫ আগস্ট) বিকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, ’বিদেশি বিভিন্ন সংস্থা বিএনপিকে সন্ত্রাসী দল হিসেবে অভিহিত করেছে। তারা আবার দেশকে পিছিয়ে দিতে চায়। বিএনপি-জামায়াতের জঙ্গিবাদ, নৈরাজ্য ও অব্যাহত দেশবিরোধী যড়যন্ত্রের প্রতিবাদে আমরা শান্তি সমাবেশ করছি।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ’তিনি বলেছেন, আওয়ামী লীগ নাকি দেশের জনগণের বিরুদ্ধে কাজ করে। আমি তার বক্তব্যের তীব্র নিন্দা জানাই। তিনি আসলে হতাশাগ্রস্ত হয়ে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছেন। আপনাদের আন্দোলনে তরুণ-যুবসমাজের সম্পৃক্ততা নেই। কারণ আপনারা বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। আর দেশের যুবসমাজ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যেতে চায়। তারা দেশকে আর পেছনে যেতে দিতে চায় না।’
হানিফ বলেন, ’ফখরুল সাহেব হতাশা নিয়ে ঘুরছেন। তিনি মিথ্যা আশা দিয়ে নেতাকর্মীদের দিয়ে আন্দোলনের পরিবেশ তৈরি করতে ব্যর্থ হয়েছেন। তাই তাদের আন্দোলনও ব্যর্থ হয়েছে। আমি তাকে অনুরোধ জানাচ্ছি, আপনারা অনেক আন্দোলন করেছেন এবার ঘরে ফিরে যান। আর যদি যড়যন্ত্রের পাঁয়তারা করেন, তাহলে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা সেটা প্রতিহত করব।’
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির।
সমাবেশে আরও বক্তব্য দেন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, সদস্য সানজিদা খানম প্রমুখ।