চট্টগ্রাম অফিস
প্রকাশ : ২৩ আগস্ট ২০২৩ ২২:৫৯ পিএম
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সমাবেশের বক্তব্য দেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। প্রবা ফটো
বিচারকরাও সরকারের ভোট চুরির প্রকল্পের সঙ্গে একাত্ম হয়ে গেছেন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশের মানুষের রাজনৈতিক, সাংবিধানিক অধিকার কেড়ে নিয়ে একটি অবৈধ সরকার অবৈধভাবে দেশ পরিচালনা করছে। এই প্রেক্ষাপটে, ভোট চুরির প্রকল্পে দুর্নীতিবাজ দুর্বৃত্ত রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, লুটেরা ব্যবসায়ীরা আছে। আছে বাংলাদেশ আওয়ামী জাতীয় বিচারক লীগ। এটা নতুন এডিশন। ভোট চুরির প্রকল্পে নতুন সংযোজন আওয়ামী বিচারক লীগ।
বুধবার (২৩ আগস্ট) বিকালে ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সরকারের পদত্যাগের দাবিতে বিএনপির একদফা দাবির সমর্থনে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এই সমাবেশের আয়োজন করা হয়।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিচারকের মূল ভূমিকা ও তাদের শপথ হচ্ছে বাংলাদেশের সংবিধান এবং বিচারের সুরক্ষা করবে। তারা স্বাধীন ও নিরপেক্ষ থাকবে। তারা কোনো রাজনীতিতে অংশ নেবেন না। রাজনীতিতে ভাবাবেগে প্রভাবিত হয়ে কিংবা নিজের মতামতে প্রভাবিত হয়ে তারা বিচার করতে পারবেন না। কিন্তু দেশের এখন পরিস্থিতি এমন না।’
তিনি বলেন, ‘এক বিচারক বলছেন বিচারকরা ‘শপথবদ্ধ রাজনীতিবিদ’। অথচ তার দায়িত্ব বাংলাদেশের আইন রক্ষা করা। তাদের কথাবার্তায় কি প্রকাশ পায় না- তারা কি চাচ্ছে দেশে। বিচারকরা এমনকি উপদেশও দিতে পারেন না। এমন উপদেশ দিতে পারেন না, যেটা তার নিজস্ব ভাবনার প্রতিফলন ঘটতে পারে। যেটা তার রাজনৈতিক ভাবনার প্রতিফলন ঘটতে পারে। এটা হচ্ছে বায়াস্টনেস। এটা সে দিতে পারেন না।’
তিনি আরও বলেন, ‘বিচার বিভাগকে ব্যবহার করে ভোট কেড়ে নিচ্ছে। নেতা শূন্য, কর্মী শূন্য, একটা নির্বাচন তাদের মাধ্যমে করাতে চাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে দিচ্ছে। ৪০ লাখ নামের সাথে আরও কয়েক লাখ যুক্ত হচ্ছে। প্রতিদিন এখন হেয়ারিং হচ্ছে। সেই নির্দেশ আসছে পুলিশ ডিপার্টমেন্ট থেকে। পুলিশ ডিপার্টমেন্ট থেকে চিঠিগুলো সহজে গণমাধ্যেমগুলোতে দেখা যাচ্ছে। তারা বিচারবিভাগকে নির্দেশ দিচ্ছে প্রতিদিন যেতে হবে সাক্ষী দিতে। যে পুলিশ অফিসার সাক্ষী দেবে না তার বিরুদ্ধে রিপোর্ট হবে।’
সংগঠনের জেলা আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে ও প্রধান সমন্বয়কারী জহুরুল আলমের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও ইউনাইটেড ল’ ইয়ার্স ফ্রন্টের কেন্দ্রীয় আহ্বায়ক জয়নুল আবেদীন, যুগ্ম আহবায়ক সুব্রত চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এএএম বদরুল আনোয়ার, বাংলাদেশ ইসলামিক ল’ইয়ার্স কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি জসীম উদ্দীন সরকার এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দীন চৌধুরী।