প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২২ ১৫:৩০ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২২ ১৫:৩২ পিএম
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে বিএনপির নেতাকর্মীরা। ছবি: প্রবা
ইসলামের নবী মুহাম্মদ (স.) প্রবর্তিত সবার জন্য নিরাপদ জনকল্যাণমূলক রাষ্ট্র চান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘মহানবীর আদর্শ সম্পূর্ণ না মানলেও কিছুটা যদি মানতাম, অনুসরণ করতাম তাহলে সমাজে এত হানাহানি ও অন্যায় থাকতো না।’
নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার (৯ অক্টোবর) সকালে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘মহানবী ইসলামের রাজ কায়েমের পর সবাই নিরাপদে ছিলেন। যারা ইসলাম গ্রহণ করেছিলেন তারা যেমন নিরাপদে ছিলেন তেমনই অমুসলিমরাও ছিলেন নিরাপদ। সবাই মর্যাদা নিয়ে বসবাস করতেন। আমরা তেমনই জনকল্যাণকর রাষ্ট্র চাই। যেখানে জনগণ তাদের মতপ্রকাশ করতে পারবে। ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে।’
পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স.) উপলক্ষে বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।
বিএনপির জ্যেষ্ঠ নেতা রিজভী বলেন, ‘মহানবী হযরত মুহাম্মদ (সা.) ইনসাফ প্রতিষ্ঠার জন্য দুনিয়াতে এসেছিলেন। তার প্রতিটি কর্মকাণ্ড ইনসাফ প্রতিষ্ঠার এক অসাধারণ উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি সত্য ও ন্যায় প্রতিষ্ঠার পথ দেখিয়েছেন।’
তিনি বলেন, ‘কাবাঘরে কালো পাথর রাখার ব্যাপারে বিভিন্ন গোত্রের মাঝে যে বিভেদ দেখা দিয়েছিল তা মহানবী নিরসন করেছিলেন। তিনি চার গোত্রের প্রধানের সমন্বয়ে কালো পাথর যথাস্থানে রাখার ব্যবস্থা করেন। এটা শুধু নিছক ঘটনা নয়। এখান থেকে শেখার অনেক কিছু আছে।’
মহানবী হযরত মুহাম্মদ (সা). এর আদর্শ অনুসরণের তাগাদা দিয়ে রিজভী বলেন, তিনি ছিলেন সমাজে বিবাদ নিরসন করার অনন্য দৃষ্টান্ত। তার আদর্শ সম্পূর্ণ না মানলেও কিছুটা যদি মানতাম, অনুসরণ করতাম তাহলে সমাজে এত হানাহানি ও অন্যায় থাকতো না। শুধু আলেমরা নন, যারা ইসলাম ধর্মে বিশ্বাস করে তাদের উচিত এসব অনুসরণ করা।’
বক্তব্য দেওয়ার সময় বিখ্যাত ব্যক্তিদের উদ্ধৃত করেন রিজভী। বলেন, ‘জর্জ বার্নার্ড শ বলেছেন, আজকে এই মুহূর্তে যদি মহানবীর আবির্ভাব হতো তাহলে সমাজে হানাহানি বিভেদ থাকতো না। আবার এমএন রায় লিখেছেন, গোত্র বিভক্ত আরব জাতিকে ঐক্যবদ্ধ করে মহনবী (সা.) আরব জাতীয়তাবাদকে আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিয়েছেন। কারণ ইসলামের মর্মবাণী বিশেষ কোনো জাতির জন্য নয়। এটি বিশ্বে সবার জন্য। বিদায় হজে মহানবীর ভাষণ মানবতার জন্য মহান বাণী। সেই বাণী এবং রাসুলের হাদিস আমাদের অনুসরণ করা উচিত।’
দোয়া ও মিলাদে অংশ নেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, সহসাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন, কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন ভুইয়া শিশির, আমিনুল ইসলাম, একরামুল হক বিপ্লব, মৎস্যজীবী দলের সদস্য সচিব আবদুর রহিম, ওলামা দলের আহ্বায়ক অধ্যক্ষ শাহ মোহাম্মদ নেছারুল হক, সদস্য সচিব অধ্যক্ষ নজরুল ইসলাম তালুকদার, হাফেজ মাসুম বিল্লাহসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।