প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৩ ১৮:১০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ১৮:৩৩ পিএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ফটো
বর্তমান সরকার বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠেপড়ে লেগেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘গণতন্ত্রকে মাটিচাপা দেওয়ার পর দেশকে একদলীয় দুঃশাসনের চরম অন্ধকারে নিপতিত করতে বর্তমান কর্তৃত্ববাদী অবৈধ সরকার বিএনপিসহ বিরোধী দল ও মতের মানুষদের ওপর বেপরোয়া জুলুম চালাতে উঠেপড়ে লেগেছে। সরকারবিরোধী চলমান আন্দোলনের অংশ হিসেবে ২৯ জুলাই অবস্থান কর্মসূচি থেকে ড. আবু ইউসুফ সেলিমকে অন্যায়ভাবে গ্রেপ্তার সেই জুলুমেরই ধারাবাহিকতা।’
রবিবার (৬ আগস্ট) বিকালে দলটির সহদপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আবু ইউসুফ সেলিম বর্তমানে কারাগারে ভীষণ অসুস্থ অবস্থায় থাকলেও তাকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী দল ও মতের মানুষদের গণতান্ত্রিক অধিকারগুলোকে পদদলিত করছে নিষ্ঠুর দমননীতি অবলম্বন করে। গণতন্ত্র নিরুদ্দেশ বলেই দেশে মানবতা ও সভ্যতার চিহ্নও ক্রমাগতভাবে মুছে যাচ্ছে।’
বিএনপির এ মহাসচিব বলেন, ‘সরকারি মদদে আইন প্রয়োগকারী সংস্থাগুলো এখন বিরোধী দল দমনে লাগামহীন হয়ে পড়েছে। দেশে ভীতি ও শঙ্কা বিদ্যমান রাখার একমাত্র উদ্দেশ্যেই হলো-ফ্যাসিস্ট আওয়ামী সরকারের অবৈধ ও স্বেচ্ছাচারী শাসন নিয়ে কেউ যেন প্রতিবাদী হতে সাহস না পায়। তবে শত জুলুম-নির্যাতনের মধ্যেও জনগণ বর্তমান অবৈধ শাসকগোষ্ঠীর পতন ঘটাতে ও ভয়াবহ দুঃশাসন থেকে মুক্তি পেতে রাস্তায় নামতে শুরু করেছে। জনগণের বিজয় হবেই।’
এ সময় মির্জা ফখরুল ড. আবু ইউসুফ সেলিমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারসহ নিঃশর্ত মুক্তির আহ্বান জানান।