বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ২০:৪৮ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৩ ০১:১৯ এএম
আওয়ামী লীগ জনগণের সংগঠন জানিয়ে দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আমরা যদি লোভ-লালসা ত্যাগ করতে পারি ইনশাআল্লাহ জয় আমাদের হবেই।
শনিবার (৫ আগস্ট) বঙ্গবন্ধুর জ্যেষ্ঠপুত্র শেখ কামালের জন্মদিন ‘শেখ কামাল : শুদ্ধ তারুণ্যের ঋদ্ধ স্লোগান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলা একাডেমির আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে যুবলীগ এই সভাটির আয়োজন করে।
শেখ ফজলুল করিম সেলিম বলেন, ‘আপনারা সত্যিই যদি বঙ্গবন্ধুকে ভালোবাসেন তাহলে তার আদর্শকে একনিষ্ঠভাবে ধারণ করুন। আওয়ামী লীগ জনগণের সংগঠন, বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। আমরা যদি সঠিকভাবে চলি, লোভ-লালসা ত্যাগ করতে পারি ইনশাআল্লাহ জয় আমাদের হবেই। সত্যের জয় হবেই, আমরা কারও কাছে মাথা নত করব না। যারা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করে গেছেন তাদের সেই স্বাধীনতাকে আমরা নস্যাৎ হতে দিতে পারি না। যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। তারা তাদের অপকর্ম করবে কিন্তু আমরা আমাদের কাজ করে যাব। সত্যের জন্য লড়ে যাব, ইনশাআল্লাহ জয় আমাদেরই হবে।’
সম্মানিত অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ। বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান।
শাহাবুদ্দিন আহমেদ বলেন, ‘শেখ কামাল শুধু বঙ্গবন্ধুর সন্তানই নন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন। আমার খুব কষ্ট লাগে, মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা বাংলাদেশ স্বাধীন করেছিলাম। কিন্তু পঁচাত্তরের পর আমরা পরাধীন হয়ে গেলাম। আমাদের মধ্যে অনেকে আছেন যারা কাঙ্ক্ষিত কিছু না পেয়ে পরের দিনই আদর্শ পরিবর্তন করেন। এ রকম হওয়া ঠিক না।’
শেখ মাঈনুল হোসেন খান বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে নানান খেলা চলছে। আমরা বলতে চাই, বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাদের সঙ্গে কোনো আলোচনা নয়। বাংলাদেশের সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। সেখানে যে আসার আসবে, এটা তাদের ব্যাপার। আমরা মনে করি, বাংলার মানুষ আওয়ামী লীগকে আবারও বিপুল ভোটে বিজয়ী করবে। দেশি-বিদেশি যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় যুবলীগ প্রস্তুত আছে বলেও মন্তব্য করেন তিনি।
মাঈনুল হোসেন খান বলেন, তারেকের নয় বছর, তার স্ত্রীর তিন বছরের সাজা হয়েছে। তারা আদালতের বিরুদ্ধে স্লোগান দেয়, শেখ হাসিনা নাকি সব আদালত কিনে নিয়েছে। এ রকম দলের সঙ্গে কোনো সমঝোতা হতে পারে না।