প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৩ ১৯:১০ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৩ ১৯:৫৩ পিএম
শহীদ শেখ কামাল সাধারণের মধ্যে থেকেও অসাধারণ ছিলেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
তিনি বলেন, তিনি সহজেই সাধারণ ছাত্রদের সঙ্গে মিশে যেতে পারতেন। তিনি ছিলেন বিনয়ী। তিনি মহান মুক্তিযুদ্ধের দায়িত্ব পালন না করেও থাকতে পারতেন। কিন্তু তিনি তা করেননি। তিনি অন্য দশজনের মতোই ট্রেনিং নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। তিনি খুব সাধারণভাবে চলাফেরা করতেন। কখনোই পদে যাওয়ার জন্য ব্যাকুল ছিলেন না।
শনিবার (৫ আগস্ট) সকালে কলাবাগান ক্রীড়াচক্র ক্লাবে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। অনুষ্ঠানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
বাহাউদ্দিন নাছিম বলেন, আজ আমরা শহীদ শেখ কামালের যোগ্য মর্যাদা দিতে পেরেছি; এটাই বড় আনন্দের। এক দিন যারা তার নামে মিথ্যা অপবাদ দিয়েছিল আজ দেখি তারাও তার বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে। এটাই হলো সত্যের কাছে মিথ্যার আত্মসমর্পণ। যারা এক দিন অপবাদ দিয়ে মিথ্যাচার করেছে, বড় গলায় কথা বলেছে, আজ সেই দস্যুদেরও পরিবর্তন হয়েছে। এটাই জাতির পিতার আদর্শের বিজয়।
তিনি বলেন, কামাল ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা ও ছাত্রলীগের সোনালি অর্জন। তিনি সব সময় অবিভক্ত ঢাকার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে ঘুরে বেড়াতেন। ছাত্রলীগকে সংগঠিত করার জন্য কাজ করতেন। তিনি একজন মেধাবী ছাত্র এবং ভালো ক্রীড়া সংগঠক ছিলেন। তিনি নিজেও সব সময় খেলাধুলায় অংশগ্রহণ করতেন।