প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ জুলাই ২০২৩ ১৭:৫৩ পিএম
আপডেট : ৩০ জুলাই ২০২৩ ১৮:৫৮ পিএম
ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে অংশ নেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ নেতাকর্মীরা। প্রবা ফটো
বিএনপি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে বলে দাবি করেছেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
তিনি বলেন, ’শনিবার রাজধানীর বিভিন্ন স্থানে বাসে আগুন দিয়েছে বিএনপি। তাদের শীর্ষ দুই নেতা সাজাপ্রাপ্ত। তারা সে কারণে নির্বাচন বানচালের জন্য আগুন-সন্ত্রাস করছে। পুরোনো কায়দায় তারা আবার দেশকে অস্থিতিশীল করতে চায়।’
রবিবার (৩০ জুলাই) বিকালে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত বিএনপি-জামায়াতের হত্যা ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শেখ ফজলে শামস পরশ বলেন, ’বাংলাদেশ যখন শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় বিএনপি তারেক রহমানের নির্দেশে আবারও সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। কারা এ দেশে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি করে, সেটা আজ মানুষের কাছে পরিষ্কার। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে আজ পর্যন্ত জামায়াত দেশবিরোধী ষড়যন্ত্র করে আসছে। আর সেই জামায়াত তাদের দোসর। তারা জামায়াতের নেতার গাড়িতে বাংলাদেশের পতাকা তুলে দিয়ে প্রমাণ করেছে তারা মানুষের জন্য রাজনীতি করে না।’
তিনি বলেন, ’তারা বলে আমরা নাকি হত্যা নিপীড়নের রাজনীতি করি। আমরা বলতে চাই, যুবলীগ কখনও সাধারণ মানুষের ওপর কোনো দিন চড়াও হয়নি। আওয়ামী লীগ সব সময় নির্যাতিত হয়ে এসেছে মানুষের অধিকার আদায় করতে। এ দেশের মানুষের উন্নয়নে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। যারা হত্যা ও আগুন-সন্ত্রাসের রাজনীতি করে, তাদের সকল নৈরাজ্য ও ষড়যন্ত্র রুখে দিতে যুবলীগ নেতাকর্মীরা সজাগ থাকবে।’
যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, ’বিএনপি একটি সন্ত্রাসী সংগঠন। তাদের লক্ষ্য সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে দেশ ধ্বংস করা। তারা গতকাল রাজধানীতে অগ্নিসন্ত্রাস করেছে। পুলিশের ওপর হামলা করেছে, যুবলীগ নেতাকর্মীদেরও আহত করেছে।’
তিনি বলেন, ’বিদেশি প্রভুদের বলতে চাই, আপনারা তাদের পূর্বের ইতিহাস খুলে দেখুন। তারা কতজন যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীদের হত্যা করেছে। আপনারা বলেছেন, আপনারা আগামী নির্বাচন সুষ্ঠু দেখতে চান। প্রধানমন্ত্রীও সে কথা বলেছেন। নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি যে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, তাদের বিরুদ্ধে কি আপনাদের ভিসানীতি কাজ করছে?’
তিনি আরও বলেন, ’আগামী নির্বাচন পর্যন্ত যুবলীগ মাঠে থাকবে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিহত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজপথে থাকব।’
ঢাকা মহানগর উত্তর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন। এ সময় সংগঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে যুবলীগ বিক্ষোভ-মিছিল বের করে। মিছিলটি মহাখালী কাঁচাবাজার থেকে শুরু হয়ে মহাখালী বাসস্ট্যান্ড ঘুরে তেজগাঁও গিয়ে শেষ হয়।