× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনে এসে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করুন, বিএনপিকে স্বাস্থ্যমন্ত্রী

মানিকগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ২১:২২ পিএম

আপডেট : ২৩ জুলাই ২০২৩ ২১:৩৬ পিএম

রবিবার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রবা ফটো

রবিবার বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। প্রবা ফটো

নির্বাচনে এসে বিএনপিকে নিজেদের গ্রহণযোগ্যতা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, ‘আপনারা নির্বাচনে এসে পরীক্ষা করুন মানুষের কাছে আপনাদের কতটুকু গ্রহণযোগ্যতা আছে। আপনারা সংগঠন মানেন না, সংবিধান মানেন না। অসাংবিধানিকভাবে আপনারা কথা বলেন। নির্বাচনে আসুন, পরীক্ষা হয়ে যাক কার কতটুকু শক্তি আছে। কার কতখানি ভোট আছে। নির্বাচনে এলেই তা প্রমাণ হয়ে যাবে।’

রবিবার (২৩ জুলাই) বিকালে মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা আওয়ামী লীগ, সদর উপজেলা, সাটুরিয়া উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে স্বাস্থ্যমন্ত্রীকে গণসংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আপনারা (বিএনপি) এ দেশকে দেউলিয়া করে দিয়েছেন। দেশকে কখনোই আপন করে নিতে পারেননি। এখন আপনারা হুমকি দেন আওয়ামী লীগকে তাড়িয়ে দেবেন। আওয়ামী লীগ এত ছোট সংগঠন বা দল নয়, এটি হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে আছে।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘করোনার সময় দেশের জনগণকে বিনামূল্যে প্রায় ৩৫ কোটি ডোজ ভ্যাকসিন দিয়েছি, যার মূল্য প্রায় ৫০ হাজার কোটি টাকা।’

জাহিদ মালেক আরও বলেন, ‘আমেরিকা থেকে বলা হয়েছিল বাংলাদেশ একটা বটমলেস বাস্কেট (তলাবিহীন ঝুড়ি)। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কারও কাছে হাত পাতে না, বরং অন্য দেশকে লোন দেয়। বিদেশিরা বলেছিল, পদ্মা সেতু বাংলাদেশ তৈরি করতে পারবে না। এটা নিয়ে অনেক চক্রান্ত হয়েছিল। শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন নিজের অর্থায়নে কীভাবে পদ্মা সেতু তৈরি করতে হয়। এটাই শেখ হাসিনার উন্নয়ন।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এএম নাইমুর রহমান দুর্জয় বলেন, ’প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানিকগঞ্জের সাতটি উপজেলা ও দুটি পৌরসভায় অনেক উন্নয়নমূলক কাজ করেছেন। এসব কাজের মাধ্যমে তিনি আমাদের জনগণের কাছে ভোট চাওয়ার সুযোগ করে দিয়েছেন। মানিকগঞ্জ জেলা একটা সময় অনেক অবহেলিত ছিল। আর এখন এমন কোনো জায়গা নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি।’

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সহসভাপতি ও পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা