প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩ ১৮:৩৩ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩ ১৮:৩৪ পিএম
রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের তালিকায় থাকা বাংলাদেশ সুপ্রীম পার্টি (বিএসপি) ও পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে সম্পত্তি দখল করে কার্যালয় স্থাপনের অভিযোগ মিথ্যা, বিভ্রান্তিকর ও কাল্পনিক দাবি করে বিএসপির অতিরিক্ত মহাসচিব মুফতি বাকী বিল্লাহ আল আযহারী বলেছেন, অভিযোগকারীরা আগামী ৬ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রবিবার (২৩ জুলাই) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিএসপি ও পার্টির চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও কুরুচীপূর্ণ মন্তব্যের প্রতিবাদ এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
বাকী বিল্লাহ আল আযহারী বলেন, ‘নির্বাচন কমিশনে বিএসপির বিরুদ্ধে অভিযোগে দাবি করা হয়েছে যে, বিএসপির কেন্দ্রীয় কার্যালয়সহ আঞ্চলিক কার্যালয়সমূহ অভিযোগকারীদের পৈতৃক সম্পত্তিতে অবস্থিত। যা সম্পূর্ণরূপে বানোয়াট ও ভিত্তিহীন। বিএসপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে কার্যালয়গুলোর কোনোটিই অভিযোগকারীদের পৈতৃক সম্পত্তিতে বা এজমালি সম্পত্তিতে করা হয়নি।’
তিনি বলেন, ‘আগামী ৬ ঘণ্টার মধ্যে নির্বাচন কমিশনে তাদের দাখিলকৃত মিথ্যা অভিযোগ প্রত্যাহার পূর্বক মিডিয়ার সামনে প্রকাশ্যে মৌখিক ও লিখিত ক্ষমা প্রার্থনা করবেন। অন্যথায় বিএসপি দেশের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবে।’
চেয়ারম্যানের পরিবারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে সংবাদ সম্মেলনে দলের দপ্তর সম্পাদক ইব্রাহিম মিয়া বলেন, ‘সৈয়দ সহিদ উদ্দিনসহ নির্বাচন কমিশনে যারা অভিযোগ দিয়েছেন তাদের সবার ক্ষমা প্রার্থনা করতে হবে। আমরা গতকাল (শনিবার) সমাবেশ থেকে ২৪ ঘণ্টা সময় দিয়েছিলাম। সেটা শেষ হয়ে গেছে। আজ সন্ধ্যার মধ্যে সংবাদ সম্মেলন করে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।’
তিনি আরও বলেন, ‘মতের সঙ্গে অমত থাকতেই পারে। সমালোচনা সবাই করতে পারে। কিন্তু নির্বাচন কমিশনে মিথ্যা তথ্য সম্বলিত চিঠি দিয়ে নিবন্ধন বাতিলের দাবি গুরুতর অভিযোগ। নির্বাচন কমিশন পাঁচবার তদন্ত করেছে। এইসব অভিযোগ করে তারা তো নির্বাচন কমিশনকেও প্রশ্নবিদ্ধ করেছেন।’
দলটি বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন চায় জানিয়ে সংবাদ সম্মেলনে ইব্রাহিম মিয়া বলেন, ‘পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নামে কোনো সরকার আছে কিনা আমার জানা নেই। ভারত, আমেরিকায় যে নির্বাচন হয় সেটা তাদের নির্বাচন কমিশনের অধীনেই হয়। সেই সিস্টেমে কি আমাদের দেশে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে পারে না? অবশ্যই পারে। বর্তমানে অনেকেই এই দাবি (তত্ত্বাবধায়ক সরকার) করছে, আমি মনে করি, এটা সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। তাই সংবিধানের বাইরে কোনো কথা বলতে চাই না।
গত বৃহস্পতিবার নির্বাচন কমিশন ও জাতীয় প্রেস ক্লাবে বিএসপি চেয়ারম্যান সৈয়দ সাইফুদ্দিন আহমদ মাইজভান্ডারির বিরুদ্ধে পারিবারিক সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে খানকা শরীফ দখল করে রাজনৈতিক কার্যালয় স্থাপনের অভিযোগ করেন তার ছোট ভাই সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারি ও তার দুই বোন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সুপ্রিম পার্টির ভাইস চেয়ারম্যান রুহুল আমীন ভুইয়া, দপ্তর সম্পাদক ইব্রাহীম মিয়া, আসলাম হোসাইন, মনির হোসেন, শোহাগ শেখ প্রমুখ।