প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩ ২১:১৪ পিএম
আমাদের মুক্তিযুদ্ধ চুরি হয়ে গেছে দাবি করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, যারা স্বাধীনতা চায়নি তারাই আজ স্বাধীনতার কথা বলে। মুক্তিযুদ্ধের ঘোষণায় যা ছিল তা আজ নেই।
শুক্রবার (২১ জুলাই) সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত মুক্তিযোদ্ধা সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে সম্মেলনিটি অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশকে সরকার বিরোধী আন্দোলনে একসঙ্গে লড়াইয়ের আহ্বান জানিয়ে আ স ম আব্দুর রব বলেন, আমি আশাবাদী। এ লড়াই আমাদে বাঁচা-মরার লড়াই। বরিশালে মুফতী ফয়জুল করীমকে অসম্মান করেছে। প্রধান নির্বাচন কমিশনার সেদিন যা বলেছে তা ঘৃণ্য। আমি এই বক্তব্যের জন্য নিন্দা জানিয়েছি। বর্তমান সরকারের সাম্য ও ন্যায় বিচার হলে মুক্তিযোদ্ধারা আজ খেতে পারবে না।
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, দেশে জালেম ও স্বৈরাচার জগদ্দল পাথরের মতো বসে আছে। এই জালেম ও মিথ্যাচারদের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ৭১’র মহান মুক্তিযুদ্ধে অংশ নেওয়া মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ প্রজন্মকে ঐক্যবদ্ধ হয়ে দেশ, ইসলাম ও ঈমান বাঁচানোর আন্দোলন করতে হবে।
ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যক্ষ মাওলানা সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, মাওলানা ইমতিয়াজ আলম, আলহাজ্ব মনির হোসেন, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, মাওলানা লোকমান হোসেন জাফরী, ইসলামী আইনজীবী পরিষদের সহসভাপতি অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, ইসলামী যুব আন্দোলনের ভারপ্রাপ্ত সভাপতি ইঞ্জিনিয়ার আতিকুর রহমান মুজাহিদ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সভাপতি শরীফুল ইসলাম রিয়াদ, মুক্তিযুদ্ধ প্রজন্ম পরিষদের সভাপতি শহিদুল ইসলাম কবির, মুহাম্মাদ নুরুজ্জামান সরকার প্রমূখ।
সম্মেলনে ১১ দফা প্রস্তাবনা উপস্থাপনা করেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদ বাংলাদেশের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম। পরে সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেমকে সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবদুল ওয়াদুদকে সহ-সভাপতি এবং বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ খালেকুজ্জামানকে সেক্রেটারি জেনারেল করে ২০২৩-২০২৫ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়।