× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্ব চান কর্নেল অলি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৪ অক্টোবর ২০২২ ১১:২৮ এএম

আপডেট : ০৪ অক্টোবর ২০২২ ১২:২১ পিএম

অলি আহমদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : প্রবা

অলি আহমদের সঙ্গে বৈঠক করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : প্রবা

সরকার পতনের যুগপৎ আন্দোলনে বিএনপির নেতৃত্ব চান লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ।

সোমবার (৩ অক্টোবর) রাতে বিএনপির সঙ্গে বৈঠকের পর ২০-দলীয় জোটের অন্যতম শরিক দলটির নেতা অলি আহমদ সংবাদ ব্রিফিংয়ে এ কথা বলেন।

তিনি বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে গেছে। ডিজেল, পেট্রোল, অকটেনের দাম বাড়ায় সর্বত্র এর বিরূপ প্রভাব পড়েছে। মানুষ সুশাসন পাচ্ছে না, ন্যায়বিচার পাচ্ছে না। এসব সমস্যা থেকে বের হওয়ার জন্য আজকে যে অপরাধগুলো হচ্ছে, আপনাদের ওপর যে নির্যাতন হচ্ছে--বিভিন্নভাবে এসব থেকে মুক্ত হওয়ার জন্য বিএনপিকে নেতৃত্ব দিতে হবে।’

তিনি মনে করেন, ‘এই নেতৃত্ব (বিএনপি) ছাড়া এখানে গণতন্ত্র ফিরে আসার কোনো সম্ভাবনা নেই।’

অলি বলেন, ‘বিএনপি ইতোমধ্যে অত্যন্ত স্পষ্ট ভাষায় বলেছে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না। অতীতে আমরা ভুল করেছি, যার কারণে আজকে আমাদের খেসারত দিতে হচ্ছে।’

তিনি বলেন, ‘এবার আমরা সবাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছি, এই সরকারের পদত্যাগ চাই, তাদের ক্ষমতা ছাড়তে হবে এবং সংসদ বিলুপ্ত করতে হবে। নতুন সরকার আসবে, তারা প্রশাসনকে ঠিক করবে। মানুষ যখন প্রস্তুত হবে, প্রশাসন যখন প্রস্তুত হবে, জনগণ যখন ভোট দিতে পারবে নির্ভয়ে এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে--তখনই নির্বাচনের ব্যবস্থা করতে হবে। বর্তমান অবস্থায় যদি নির্বাচনের ব্যবস্থা করা হয় আওয়ামী লীগ ছাড়া কেউ নির্বাচিত হবে না। কারণ প্রশাসনের প্রতিটি জায়গায় ছাত্রলীগ ও যুবলীগের প্রাধান্য।’

তিনি বলেন, ‘আমরা এই সরকারের পতন চাই। দফা একটাই--এই সরকার কবে যাবে, নতুন সরকার কবে আসবে। সেটাই হবে একটা দফা। বাকিগুলো আনুষঙ্গিক।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের জন্য জাতীয় ঐক্য গড়ে তোলার যে প্রক্রিয়া শুরু করেছি, সেই প্রক্রিয়ার অংশ হিসেবে আজকে আমরা এলডিপির চেয়ারম্যান অলি আহমদের সঙ্গে দ্বিতীয় দফায় আলোচনা করেছি। সেখানে আমাদের যে দাবিগুলো আছে, তা নিয়ে কথা বলেছি।’

তিনি বলেন, ‘এই সরকারের পতনে আমরা একসঙ্গে যুগপৎ আন্দোলনে একমত হয়েছি। আমরা পরবর্তী সময়ে অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করে দাবিগুলো আপনাদের সামনে তুলে ধরব এবং সেটা নিয়ে আমরা জনগণের সামনে আন্দোলনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাব।’

বিএনপি মহাসচিব দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে নিয়ে রাতে মহাখালীর ডিওএইচএসে এলডিপির চেয়ারম্যান অলি আহমদের বাসায় যান। তিনি এলডিপির নেতাদের সঙ্গে যুগপৎ আন্দোলনের বিষয় নিয়ে আলোচনা করেন।

এই সংলাপে এলডিপির প্রেসিডিয়াম সদস্য নুরুল আলম, নেয়ামূল বসির, আওরঙ্গজেব বেলাল ও সৈয়দ মাহবুব মোর্শেদ উপস্থিত ছিলেন।

এর আগে গত ১৬ জুন এলডিপির সঙ্গে প্রথম দফা সংলাপ করেন বিএনপি মহাসচিব।

প্রবা/এইচকে/এমজে/

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা