× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খুলনায় তারুণ্যের সমাবেশে মির্জা ফখরুল

এক দফা দাবি না মানলে রাজপথে ফয়সালা হবে

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ২২:০৫ পিএম

আপডেট : ১৭ জুলাই ২০২৩ ২২:১৬ পিএম

খুলনা মহানগরীতে বিভাগীয় তারুণ্যের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

খুলনা মহানগরীতে বিভাগীয় তারুণ্যের সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রবা ফটো

বিএনপির এক দফা দাবি শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। যদি দাবি না মানা হয় তবে রাজপথেই তার ফয়সালা হবে বলে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৭ জুলাই) বিকালে খুলনা মহানগরীর সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় তারুণ্যের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘অবৈধ আওয়ামী লীগ সরকারের কারও দেশের মানুষের জন্য কোনো প্রকার দায়বদ্ধতা ও জবাবদিহি নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিতই না। ২০১৪ সালে নির্বাচন হয়নি। ১৫৪ জনকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেছে। আর ২০১৮ সালে তো আগের রাতেই ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে জয়ী হয়েছে। কাজেই সোজা কথা, শেখ হাসিনা ও সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না এবং হতে দেওয়া হবে না। এজন্য অধিকার আদায়ে প্রয়োজনে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।’

তিনি আরও বলেন, ‘ইতোমধ্যেই আমরা বিএনপির পক্ষ থেকে এক দফা দিয়েছিশেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। আর বিএনপিসহ ৩৬টি দল মিলে বলেছি হাসিনা সরকারের অধীনে কোনো নির্বাচনে যাব না। আমরা পরিষ্কার কথা বলেছিনির্বাচনকালীন যদি নিরপেক্ষ সরকার না থাকে, তাহলে এ দেশে কোনো নির্বাচন হবে না।’

দাবি না মানলে রাজপথে ফয়সালা হবে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, ‘যারা যোগ্য তাদের দিয়ে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। নতুন একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন সংসদ তৈরি করতে হবে। সে সংসদে আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি সব দল মিলে আলাপ করে একটি জাতীয় ঐক্য সরকার গঠন করে সেটাকে বাস্তবায়িত করা হবে। কাজেই খুবই পরিষ্কার কথাএক দফা এক দাবি, শেখ হাসিনা কবে যাবি এবং দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।’

তিনি বলেন, ‘রাজপথেই ফয়সালা করে আমরা সত্যিকার অর্থেই ১৯৭১ সালে দেশ স্বাধীনের জন্য যে মুক্তিযুদ্ধ করেছিলাম, সেই চেতনায় তারেক রহমানের ৩১ দফার আলোকে নতুন বাংলাদেশ তৈরি করব। যেখানে তরুণ প্রজন্মের জন্য চাকরি, ব্যবসা-বাণিজ্যসহ সকল সুযোগ অবারিত থাকবে। মানুষের জন্য স্বাস্থ্যসেবা থাকবে, নিত্যপণ্যের দাম কমবে, মানুষ সকল অধিকার ফিরে পাবে। সেভাবেই আমরা তারেক রহমানের, খালেদা জিয়ার ও শহীদ জিয়ার স্বপ্নের বাংলাদেশ গঠন করব। সবাই মিলে সেদিকে এগিয়ে যেতেই এ আন্দোলন-সংগ্রাম।’

তিনি আরও বলেন, ‘দেশের সকল স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের সন্ত্রাসে ভরে গেছে। সন্ত্রাস করে তারা সবকিছুই দখল করছে। লুটপাট করছে। আওয়ামী লীগের কারণে মেধাবী ও উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা চাকরি পাচ্ছে না। বিএনপি ও বিরোধী দলের নামগন্ধ থাকলেই তাকে বাদ দেওয়া হচ্ছে। কিন্তু আওয়ামী লীগের নাম করে সন্ত্রাসীদের চাকরি দেওয়া হচ্ছে। ঘরে ঘরে চাকরির কথা বলে ক্ষমতায় এলেও সরকারি চাকরিতে দলীয়করণ চরম পর্যায়ে পৌঁছেছে। কৃষককে বিনামূল্যে সার দেওয়ার কথা বললেও কৃষক সার পাচ্ছে না। সারের দাম বিএনপি আমলের তুলনায় তিন-চারগুণ বেড়ে গেছে। শ্রমিকদের পথে বসিয়ে দেওয়া হয়েছে মিল-কারখানা বন্ধ করে দিয়ে। ১০ টাকা কেজিতে চাল দেওয়ার কথা বললেও ৯০ টাকায় চাল পাওয়া যাচ্ছে না। চাল, ডাল,তেল, মরিচ, পেঁয়াজসহ সকল জিনিসের দাম ১০ গুণ বেড়ে গেছে। সেদিকে সরকারের খেয়াল নেই। তারা কেবলই লুটপাট করে বিদেশে পাচারে ব্যস্ত রয়েছে।’

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি কাজী রনাকুল ইসলাম শ্রাবণের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, খুলনা মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা, খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, যুবদলের কেন্দ্রীয় সহসভাপতি তরিকুল ইসলাম বনি, স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আরিফ হাওলাদার, যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসরাম মিল্টন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি, অমলেন্দু দাস অপু, রকিবুল ইসরাম বকুল, আজিজুল বারি হেলাল, বাগেরহাটের এমএ সালাম, আবুল হোসেন আজাদ প্রমুখ। 

এর আগে সকাল থেকে খুলনা বিভাগের ১০ জেলার নেতাকর্মীরা ব্যানার ও প্ল্যাকার্ডসহ সমাবেশে যোগ দেন। তারা অভিযোগ করেছেন, যশোর, নড়াইল, সাতক্ষীরা থেকে আসার পথে সরকারদলীয় নেতাকর্মীরা পথে পথে বাধা দিয়েছে তাদের।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা