প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩ ২০:৪৫ পিএম
আপডেট : ১৭ জুলাই ২০২৩ ২১:২৪ পিএম
দুপুরে নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়া দলগুলোর আমন্ত্রণে গণঅধিকার পরিষদের দুপক্ষ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে গেলে হট্টগোল শুরু হয়। প্রবা ফটো
গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুরের অনুসারীরা দলের অন্য অংশের আহ্বায়ক রেজা কিবরিয়ার অনুসারীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন। পল্টনের বক্স কালভার্ট রোডে প্রীতম জামান টাওয়ারে গণঅধিকার পরিষদের কার্যালয়ে রেজা কিবরিয়ার অনুসারীরা যেন আসতে না পারেন, সে জন্য সতর্ক অবস্থানে রয়েছেন নুরের অনুসারীরা।
সোমবার (১৭ জুলাই) সন্ধ্যা ৭টায় এ ঘটনার পর নুরুল হক নুরের বিরুদ্ধে নানা অপকর্ম, মোসাদ এজেন্ট বলে পরিচিত মেন্দি এন সাফাদির সঙ্গে গোপন বৈঠকের অভিযোগ এনে রাজধানীর কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালের নিচে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন রেজা কিবরিয়া অনুসারীরা।
সংবাদ সম্মেলনে ফারুক হাসান গণঅধিকার পরিষদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের স্ক্রিনশট গণমাধ্যমকর্মীদের দেখিয়ে বলেন, নুরুল হক নুর রবিবার গ্রুপে নির্দেশ দিয়েছেন, আমাদের (রেজা কিবরিয়া অনুসারী) প্রীতম জামান টাওয়ারের কার্যালয়ের আশপাশে দেখলেই যেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়। এ থেকে পরিস্কার বুঝা যায়, তিনি আমাদের ওপর হামলা চালানোর নির্দেশনা দিয়েছেন।
ফারুক হাসান নুরের বিরুদ্ধে গণঅধিকার পরিষদের তহবিল তছরুপের অভিযোগ এনে তিনি আরও বলেন, নুরুল হক যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি হলেন, তারপরে গাজীপুরে আমরা বেশ কয়েকজন তার দুলাভাইয়ের বাড়ি গিয়েছিলাম। নুরের দুলাভাইয়ের টিনের ঘর তখন ভাঙা। ওই অবস্থা থেকে তিনি এখন ছয়টি গাড়ির মালিক। নুর আজকে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছেন। তারেক রহমান এসব নিয়ে সোচ্চার ছিলেন বলে তাকে আজ তাকে মারধর করা হয়েছে নুরের খালাতো ভাই সাইফুল ইসলামের নেতৃত্বে।
মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকের প্রসঙ্গে ফারুক হাসান বলেন, ইসরায়েল বাংলাদেশে তাদের দূতাবাস খুলতে চায়। তাই তারা এখন বাংলাদেশের বিভিন্ন দলের রাজনৈতিক সমর্থন চায়। নুর সে লক্ষ্যে বৈঠক করেছে। অথচ দলে নানা প্রশ্নে তিনি তা বলতে চান না।
এ ছাড়া রেজা কিবরিয়ার অনুসারী ও একাংশের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান অভিযোগ করেন, সোমবার গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্যসচিব ও রেজা কিবরিয়ার অনুসারী তারেক রহমানের ওপর হামলা করেছেন নুরের অনুসারীরা।
ঘটনার সূত্রপাত সোমবার সকালে। গণঅধিকার পরিষদ কার্যালয়ের মালিকানা মিয়া মশিউজ্জামানের। যিনি রেজা কিবরিয়ার অংশে যুগ্ম-আহ্বায়কের পদে রয়েছেন। পাল্টাপাল্টি বহিষ্কার, কাউন্সিল অধিবেশন নিয়ে দলে নানা অন্তর্কোন্দলের মধ্যে মিয়া মশিউজ্জামান গত ৮ জুলাই নুরকে প্রীতম জামান টাওয়ারের ষষ্ঠ তলায় দলীয় কার্যালয় ছেড়ে দেওয়ার নোটিস দেন। নুর তখন কিছু দিন সময় চেয়ে নেন। ভবন মালিকদের সঙ্গে আলোচনা করে নুরকে ওই সময়টুকু দেন মিয়া মশিউজ্জামান। কিন্তু নুর ও তার অনুসারীরা দলের একাংশের কাউন্সিল অধিবেশন সম্পন্ন করার পরও দলীয় কার্যালয় ছাড়তে রাজি নন। এর পরিপ্রেক্ষিতে সোমবার সকালে মিয়া মশিউজ্জামানের উদ্যোগে গণঅধিকার পরিষদ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এরপরেও নুর ও তার দলের অনুসারীরা কার্যালয়ে আসেন।
মিয়া মশিউজ্জামান বলেন, নুর গত ১৭ মাসের ভাড়া পরিশোধ করেনি, গত দুমাস ধরে ভবন মালিক সমিতিতে সার্ভিস চার্জ হিসেবে এক টাকাও দেয়নি। এ নিয়ে আজ সোমবার সকালে অফিসের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
এরপর সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে আসেন নির্বাচন কমিশনে নিবন্ধন না পাওয়া দলগুলোর নেতারা। যাদের মধ্যে গণঅধিকার পরিষদের নেতারাও উপস্থিত ছিলেন। একপর্যায়ে গণঅধিকার পরিষদের একাংশের আহ্বায়ক রেজা কিবরিয়ার অনুসারী ফারুক হাসান বক্তব্য দিতে শুরু করলে অন্য অংশের সভাপতি নুরুল হক নুর তার বিরোধিতা করেন। এসময় নুরুল হক নুর ও তার সহযোগীরা সংবাদ সম্মেলনে আমন্ত্রিত রেজা কিবরিয়া অনুসারীদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। দুই পক্ষ এ সময় মারমুখী হয়ে উঠেন।
অনুষ্ঠানের সঞ্চালক এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু দুই পক্ষকে নিবৃত্ত করার চেষ্টা করে ব্যর্থ হন। মজিবুর রহমান মঞ্জু বলেন, বিএনপি দুটি পক্ষের সঙ্গে বৈঠক করেছে। সুতরাং আমরাও দুটি পক্ষকেই দাওয়াত দিয়েছি।
নুরুল হক নুর এসময় রেজা কিবরিয়ার অনুসারীদের দল ভাঙার ষড়যন্ত্রকারী হিসেবে উল্লেখ করলে ফারুক হাসান ও সাদ্দাম হোসেনরা প্রতিবাদ করেন। পরে ফারুক হাসান, সাদ্দাম হোসেন ও তারেক রহমানরা সোমবার দুপুরে প্রীতম জামান টাওয়ারে মিয়া মশিউজ্জামানের কার্যালয়ে গেলে সেখানে আবার দ্বন্দ্ব শুরু হয়। পরে নুরুল হক নুরের অনুসারীদের বিরুদ্ধে তারেক রহমানকে মারধর করার অভিযোগ আনেন ফারুক হাসান।
নুরুল হক নুর অনুসারী ও উচ্চতর পরিষদ সদস্য আবু হানিফ বলেন, গণঅধিকার পরিষদকে যারা নানা সময়ে নানা ষড়যন্ত্র করে ভাঙতে চেয়েছে, তারাই মূলত নানা ঝামেলা করছে। তারা মিথ্যা অপবাদ দিয়ে গণঅধিকার পরিষদকে কলঙ্কিত করছেন। তারই অংশ হিসেবে মিয়া মশিউজ্জামান আজ কার্যালয়ের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছেন। চুক্তি অনুযায়ী, কার্যালয় ছাড়ার নোটিস দিতে হবে ছয় মাস আগে। মিয়া মশিউজ্জামান তা করেননি। হুট করে বললেই তো কার্যালয় ছেড়ে যাবো না আমরা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- গণঅধিকার পরিষদের যুগ্ম-সদস্যসচিব তারেক রহমান, যুগ্ম-আহ্বায়ক সাদ্দাম হোসেন ও যুগ্ম-সদস্য সচিব আতাউল্লাহ, যুব অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইমরান আল নাজির।