প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৩ ১৮:২৮ পিএম
আপডেট : ১৬ জুলাই ২০২৩ ১৮:৪৮ পিএম
আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হোক বিদেশিরা তা চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
তিনি বলেন, কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া এসেছিলেন। ইইউ প্রতিনিধিদল বর্তমানে দেশে আছে। সবাই বলেছে, তারা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চায়।
রবিবার (১৬ জুলাই) বিকালে ঢাকা জেলা আওয়ামী লীগ ভবনে আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে দোহার-নবাবগঞ্জ উপজেলার (ঢাকা-১ আসন) নারী নেত্রীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালমান এফ রহমান বলেন, কোনো বিদেশি বন্ধু আমাদের ক্ষমতা থেকে চলে যেতে হবে বলেনি। তারা শুধু শান্তিপূর্ণ নির্বাচন চায়। আমরাও সে কথা বলেছি। প্রধানমন্ত্রীও একটি শান্তিপূর্ণ নির্বাচন চান। আর সেটা সংবিধান মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই হবে।
নির্বাচনে বাধা দেওয়ার শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, বিএনপি বলছে, তারা নাকি নির্বাচন হতে দেবে না। আসলে নির্বাচনে বাধা দেওয়ার শক্তি বিএনপির নেই। তারা যদি নির্বাচনে সহিংসতা না করে তাহলে নির্বাচন শান্তিপূর্ণ হবে।
বিএনপির কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় গেলে তাদের প্রধানমন্ত্রী কে হবে? তাদের আসলে নেতা কে? বিএনপির একমাত্র উপায় অপপ্রচার করা। বিদেশিরা আমাদের ক্ষমতা থেকে নামিয়ে দেবে এই অপপ্রচার চালাচ্ছে।
১২ জুলাই এক কিলোমিটারের ব্যবধানে বিএনপি ও আওয়ামী লীগের সমাবেশ শান্তিপূর্ণ হওয়ায় বিদেশিরা প্রশংসা করেছেন বলেও জানান তিনি।
শেখ হাসিনার উন্নয়নের কথা জনগণের ঘরে ঘরে পৌঁছে দিতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়ে সালমান এফ রহমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের আন্ডার সেক্রেটারি উজরা জেয়া বলেছেন, প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিশেষ ভূমিকা রেখেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ বিশ্বে নারীর ক্ষমতায়নের উদাহরণ সৃষ্টি করছে। উজরা এ বিষয়ে ব্যাপক প্রসংশা করেছেন।
তিনি বলেন, সব গ্রুপিং ভুলে যেতে হবে। সবাইকে আগামী নির্বাচনে শেখ হাসিনার জন্য কাজ করতে হবে। আর প্রধানমন্ত্রী নারীদের জন্য যা যা করছেন তা মানুষের কাছে তুলে ধরতে হবে।
মতবিনিময় সভায় ঢাকা জেলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।