প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৩ ২১:৩০ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ২২:১২ পিএম
সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। প্রবা ফটো
তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির সংসদ বিলুপ্তির দাবি অত্যন্ত দুরভিসন্ধিমূলক। দেশে একটি সাংবিধানিক সংকট সৃষ্টিই তাদের উদ্দেশ্য। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে ‘গন্তব্য স্মার্ট বাংলাদেশ’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
প্রধান তথ্য অফিসার মো. শাহেনুর মিয়া, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল প্রমুখ মোড়ক উন্মোচনে অংশ নেন। আধুনিক সমৃদ্ধ ডিজিটাল স্মার্ট বাংলাদেশ নিয়ে ৪৮টি ফিচারের এই সংকলন গ্রন্থ প্রকাশের জন্য তথ্য অধিদপ্তরকে ধন্যবাদ জানান মন্ত্রী।
হাছান মাহমুদ বলেন, ‘বুধবার বিএনপির কর্মসূচি থেকে দেওয়া সরকারের পদত্যাগের দাবি পুরোনো কথাই নতুন করে বলা। তবে সেখানে একটি বিষয় অত্যন্ত দুরভিসন্ধিমূলক, সেটি হচ্ছে তারা যে দাবি দিয়েছে সেখানে তারা বলেছে—সংসদ বিলুপ্ত করতে হবে।’
সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ পরবর্তী সংসদ নির্বাচিত না হওয়া পর্যন্ত বহাল থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘সংসদ বিলুপ্ত করার দাবি দেওয়া একটি দূরভিসন্ধি। এতে প্রমাণ হয়, তারা আসলেই দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি করতে চায়। সেটি করে তারা অসাংবিধানিক কোনো কিছুকে জায়গা করে নিতে চায়। সে লক্ষ্যেই তারা সংসদ বিলুপ্ত করার দাবি দিয়েছে।’
এটি গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ এবং গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার হীন উদ্দেশ্যেই বিএনপি এই দাবি দিয়েছে, বলেন হাছান মাহমুদ।
বিএনপি-ঘোষিত এক দফা দাবিতে ১৮ ও ১৯ জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘এক দফা তারা মাঝেমধ্যেই ঘোষণা করে। গত বছর একবার এক দফা ঘোষণা দিয়ে বলেছিল বেগম জিয়া সুস্থ হয়ে এসে সভায় যোগ দেবেন। তারেক জিয়া কীভাবে উড়ে আসবেন, সে ব্যাখ্যা তারা দেয়নি, কিন্তু বলেছে তিনিও উড়ে এসে যোগ দেবেন। তারা এ রকম অনেক কিছু বলেছিল। কিন্তু সে আন্দোলন গরুর হাটে মারা গেছে।’
নির্বাচনের আগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও মার্কিন প্রতিনিধিদের আগমন নিয়ে প্রশ্ন করলে তথ্যমন্ত্রী বলেন, ’ইইউ প্রতিনিধিদল এসেছে নির্বাচন কমিশনের আমন্ত্রণে, স্বপ্রণোদিত হয়ে নয়। তারা পর্যবেক্ষক পাঠানোর প্রস্তুতি হিসেবে এ সফরে এসেছে। সুতরাং সেটি নির্বাচন অনুষ্ঠানের জন্য সহায়ক। আর মার্কিন প্রতিনিধিদলের আগমন বহুমাত্রিক সহযোগিতাবিষয়ক। তারা আমাদের উন্নয়ন সহযোগী, বাণিজ্যে অংশীদার।’
তিনি বলেন, ‘আপনারা দেখেছেন, মার্কিন আন্ডার সেক্রেটারি কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে গেছেন। রোহিঙ্গা সমস্যা একটি মানবিক সমস্যা, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে। অর্থাৎ মার্কিন প্রতিনিধিদলের সফর আমাদের সম্পর্ককে দৃঢ় করার ক্ষেত্রে সহায়ক।’