প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৮:৫০ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩ ২১:২২ পিএম
সংবাদ সম্মেলনে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একাংশ। প্রবা ফটো
আওয়ামী লীগ সরকার পতনের মাধ্যমে নিরপেক্ষ ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারে অধীনে নির্বাচন করতে বিএনপি ও সমমনাদের এক দফা আন্দোলনের যে ঘোষণা তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের একাংশ।
বুধবার (১২ জুলাই) বিকাল সাড়ে ৩টায় দলটির পল্টন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর।
নুরুল হক বলেন, ‘এই ফ্যাসিবাদী সরকারের অধীনে নিরেপক্ষ নির্বাচন সম্ভব নয়, তাই এই সরকারের পতনে বিএনপি যে এক দফা আন্দোলনের ঘোষণা করেছে, আমরা তার সঙ্গে আছি।’
তিনি বলেন, ‘আমরা আজকে এই সংবাদ সম্মেলন থেকে বলতে চাই, দেশের জনগণের ভোটের অধিকার হরণকারী, ফ্যাসিবাদী ও কর্তৃতবাদী সরকারের পদত্যাগ, বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন ও নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে।’
এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তির দাবি জানিয়ে নুরুল হক বলেন, ’খালেদা জিয়াসহ সকল রাজবন্দির মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ফরমায়েশি সাজা বাতিল করতে হবে। সংবিধান ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে বিরোধী রাজনৈতিক দল ও জোটসমূহকে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা প্রদান করছি।’
তিনি বলেন, ’অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, বর্তমান সরকারের পতনের দাবিতে আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য সকলের সমন্বিতভাবে কাজ করতে হবে। এই আন্দোলনকে একটি অনন্য মাত্রা দেওয়ার জন্য আজকের সকল বিরোধী দল এক দফা আন্দোলন শুরু করেছে। এক দফা আন্দোলনের জন্যই আমাদের এই সংবাদ সম্মেলন।‘
সমাবেশকে ঘিরে সরকারি দল ও প্রশাসনের সমালোচনা করে তিনি বলেন, ’সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমের কল্যাণে জানতে পেরেছি, শহরের বিভিন্ন প্রান্তে, কাঁচপুর, জুরাইন, আমিনবাজার, টেকনিক্যাল প্রতিটি মোড়ে মোড়ে প্রবশপথে প্রশাসনের অতি উৎসাহী লোকেরা সাধারণ মানুষের মোবাইল চেক করে দেখছেন তারা ফেসবুকে কোন দলের সমর্থক।’
জনগণের মোবাইল চেককে মানবাধিকরা লঙ্ঘন দাবি করে নুরুল হক বলেন, ’এটা মানবতাবিরোধী, সংবিধানবিরোধী ও আইন পরিপন্থি।’