প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৮:৪৮ পিএম
আপডেট : ১৩ জুলাই ২০২৩ ০০:০০ এএম
সুষ্ঠু নির্বাচন হলে ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারবে না বলে দাবি করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।
বুধবার (১২ জুলাই) রাজধানীর পশ্চিম ভাষানটেক এলাকায় নির্বাচনী গণসংযোগকালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ এ. আরাফাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার উন্নয়ন ও অগ্রগতির রাজনীতিতে বিশ্বাস করে। বাংলাদেশে যতবারই সুষ্ঠু নির্বাচন হয়েছে, নৌকার বিজয় কেউ ঠেকিয়ে রাখতে পারেনি।
তিনি বলেন, আমি শুধুমাত্র ভোট চাইতে আসিনি, আমি আপনাদের সকল সমস্যার কথা শুনতে এসেছি। ভাষানটেক এলাকায় আপনারা যারা পুনর্বাসন চান, আমি নির্বাচিত হলে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। সকল সমস্যার সমাধান ধীরে ধীরে আমাদের করতে হবে।
তিনি বলেন, পশ্চিম ভাষানটেক বস্তি এলাকায় জলাবদ্ধতা এবং বাসস্থানের সমস্যা রয়েছে। পর্যায়ক্রমে সকল সমস্যার সনাধান করা হবে।
ভাষানটেক এলাকার জনগণকে উদ্দেশ্য করে তিনি বলেন, স্বাধীনতাবিরোধী উগ্রবাদী মৌলবাদী অপশক্তি ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা জনগণের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়ে ষড়যন্ত্র করে আমাদের পরাজিত করতে চায়। এখানে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কারণ ভোট বিপ্লবের মাধ্যমে তাদের জবাব দিতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে তাদের জবাব দিতে হবে। এরা একটা অরাজক পরিস্থিতি তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্ঠা করবে। সেদিকে আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে যাবেন। ভোটের মাধ্যমে আমরা নৌকার জোয়ার বয়ে দেব।
এসময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।