জবি প্রতিবেদক
প্রকাশ : ১২ জুলাই ২০২৩ ১৬:২৬ পিএম
আপডেট : ১২ জুলাই ২০২৩ ১৬:৪৬ পিএম
মিছিল নিয়ে যোগ দিয়েছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রবা ফটো
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশে যোগ দিয়েছে আশপাশের জেলার নেতাকর্মীরাও। বুধবার (১২ জুলাই) রাজধানীর গুলিস্তানে শান্তি সমাবেশে যোগ দিয়েছেন তারা।
সমাবেশে মিছিল নিয়ে যোগ দিয়েছে মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া নারায়ণগঞ্জ, গাজিপুরসহ বিভিন্ন জেলা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দিয়েছেন।
মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুস সোবহান মিয়া বলেন, ‘শান্তি সমাবেশে যোগ দিতে মানিকগঞ্জ থেকে আমরা এসেছি। বিএনপি-জামাতের যেকোনো ধরণের ষড়যন্ত্র রুখে দিতে আমরা বদ্ধ পরিকর। আওয়ামী লীগ স্বাধীনতার পক্ষের শক্তি। এদেশের স্বাধীনতায় নেতৃত্ব দেওয়া দল। শেখ হাসিনার ডাকে আমরা রাজপথে সকল ষড়যন্ত্র রুখে দেব।’
মানিকগঞ্জ সদর উপজেলা যুবলীগের সদস্য শাহরিয়ার হোসেন মিলন বলেন, ‘শেখ হাসিনার ডাকে রাজপথ দখল করতে আমরা সব সময়ই প্রস্তুত। বিএনপি জামায়াতের কোনো ধরণের ষড়যন্ত্রই আমরা মেনে নেব না। আজ শত শত নেতাকর্মী নিয়ে এখানে এসেছি। জননেত্রীর ডাকে হাজার হাজার নেতাকর্মী রাজপথে নামতে প্রস্তুত।’
শান্তি সমাবেশে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি।