× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণঅধিকারের কাউন্সিল

‘ঝামেলা’ এড়াতে কিবরিয়াপন্থিদের বিক্ষোভ স্থগিত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১৬:১৩ পিএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১৭:১৪ পিএম

‘ঝামেলা’ এড়াতে কিবরিয়াপন্থিদের বিক্ষোভ স্থগিত

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক ও তার সমর্থকদের আয়োজনে দলের প্রথম কাউন্সিলে অংশ নেবে না জানিয়ে সোমবার (১০ জুলাই) বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন দলের আহ্বায়ক রেজা কিবরিয়ার পক্ষের নেতাকর্মীরা। তবে ঝামেলা এড়াতে শেষ পর্যন্ত এ কর্মসূচি স্থগিত করেছেন কিবরিয়াপন্থিরা।

দুপুরে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রেজা কিবরিয়ার অনুসারী সাদ্দাম হোসেন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আমরা চাই না কাউন্সিল অধিবেশনে কোনো ঝামেলা হোক। আমরা আজকে সকালে সভায় সিদ্ধান্ত নিয়েছি, কোনো ফ্যাসাদে যাব না।’

এদিকে গণঅধিকারের প্রথম কাউন্সিল অধিবেশনের ভোট চলছে। বেলা ১০টায় ভোট শুরুর কথা থাকলেও তা শুরু হয় দুপুর ১টার দিকে।

নির্বাচন হচ্ছে দুই ধাপে। প্রথমে দলের আহ্বায়ক কমিটির ১২৬ জন সদস্য ভোটাভুটির মাধ্যমে উচ্চতর পরিষদের আটজন সদস্য নির্বাচন করছেন। উচ্চতর পরিষদের নির্বাচনে প্রার্থী ২০ জন। এরপর দলের কার্যকরী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। দলের ২১৬ জন ভোটার দলে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন আজ।

দলে সভাপতি পদে নুরুল হক নুরের সঙ্গে লড়ছেন দলের দুই যুগ্ম আহ্বায়ক নাজমুল উস সাকিব ও বায়েজিদ শাহেদ। হাসান আল মামুন নির্বাচনে অংশ নেওয়ায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী পাঁচজন। তারা হলেন রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার, জিল্লু খান ও হাসান আল মামুন।

রেজা কিবরিয়ার অনুসারীরা নুরদের কাউন্সিলের বিরোধিতা করলেও তাদের মধ্যে হাসান আল মামুন আজ সোমবার ভোরে নিজের সিদ্ধান্ত বদলান। তিনি এই কাউন্সিল নির্বাচনে কার্যকরী পরিষদে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হচ্ছেন বলে জানান।

২০ জুন নুরুল হক নুর ও রাশেদ খানকে বহিষ্কারের পর হাসান আল মামুনকে দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে মনোনয়ন দিয়েছিলেন রেজা কিবরিয়া।

হাসান আল মামুন কাউন্সিল নির্বাচনে অংশ নেওয়ায় সাধারণ সম্পাদকের পদ নিয়ে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য। রাশেদ খানের সঙ্গে নুরের সম্পর্ক বেশ কয়েক দিন ধরে ভালো যাচ্ছে না বলে জানান দলের নেতারা। তারা বলছেন, নুর তার ঘনিষ্ঠ নেতা বিপ্লব কুমার পোদ্দারকে দলের সাধারণ সম্পাদকের পদে দেখতে চান। ফলে এ পদে লড়াইয়ে রয়েছেন মামুন, রাশেদ ও বিপ্লব।

গণঅধিকার পরিষদের গঠনতন্ত্রে বলা হয়েছে, দলের উচ্চতর পরিষদের সদস্যসংখ্যা হবে ১৩। আজ আটটি পদে ভোট চলছে। দলের একাধিক শীর্ষ নেতা বলছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর তাদের পছন্দের পাঁচ নেতাকে উচ্চতর পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেবেন।

এদিকে রেজা কিবরিয়ার অনুসারী নেতাদের আজ বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান গণঅধিকারের একাংশের নেতা সাদ্দাম হোসেন। তাদের প্রতিনিধিদলটি সরকার পতন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে যুগপৎ আন্দোলন নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে আলোচনা করবেন বলে জানান তিনি।

এ প্রতিনিধিদলে থাকবেন গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান, সাদ্দাম হোসেন, তারেক রহমান, আতাউল্লাহ, আরিফুর রহমান তুহিন, আবুল কালাম আজাদ, শেখ খাইরুল কবির, সাইফুল্লাহ হায়দার ও শামসুদ্দিন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা