× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নাটকীয়তায় গণঅধিকারের কাউন্সিলের প্রথম পর্ব

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৩ ১০:৫৬ এএম

আপডেট : ১০ জুলাই ২০২৩ ১১:২৮ এএম

হাসান আল মামুন

হাসান আল মামুন

গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিল অধিবেশনে নাটকীয়তা দেখা গেল। দলটির সদস্য সচিব নুরুল হক নুর ও তার মনোনীত ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান আজ সোমবার যে কাউন্সিল অধিবেশনের আয়োজন করেছেন, তাতে রেজা কিবরিয়া মনোনীত সদস্য সচিব হাসান আল মামুন নিজেকে সাধারণ সম্পাদক প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। যদিও এক দিন আগেও কাউন্সিলের বিরোধিতা করেন তিনি।

এদিকে নুরের পক্ষের নেতা ও দলের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ জানিয়েছেন, কাউন্সিল অধিবেশনের ভোট সকাল ১০টায় শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে দুপুর ১২টায় নিয়ে যাওয়া হয়েছে।

নুরদের কাউন্সিলের বৈধতা চ্যালেঞ্জ করে রেজা কিবরিয়ার অনুসারীরা আজকের কাউন্সিল বর্জনের ঘোষণা দিয়েছেন আগেই। আজ বেলা ১১টার পর ওই কাউন্সিল অধিবেশনের প্রতিবাদে রাজধানীর পল্টনে কালভার্ট রোডে প্রীতম জামান টাওয়ারের নিচে অবস্থান নেওয়ার কথা রয়েছে তাদের।

রেজা কিবরিয়ার অনুসারীরা রবিবার জানিয়েছিলেন, তারা ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে বেলা ১১টায় এ কর্মসূচি পালন করবেন। যদিও তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ অবস্থান কর্মসূচি মূলত নুরের কাউন্সিলের বিরুদ্ধে। বিভিন্ন জেলা থেকে আগত নেতাদের বুঝিয়ে শুনিয়ে কাউন্সিলে অংশ নেওয়া ঠেকাতে তাদের এ তৎপরতা।

গণঅধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে রেজা কিবরিয়াকে অপসারণের সিদ্ধান্ত অবৈধ ও অগঠনতান্ত্রিক দাবি করে ৪৬ নেতার স্বাক্ষর নিয়ে গতকাল নির্বাচন কমিশনে (ইসি) চিঠি দেওয়া হয়েছে। তাতে নুর যে প্রক্রিয়ায় রেজা কিবরিয়াকে দল থেকে অপসারণ করেছেন, তা অগণতান্ত্রিক, অবৈধ ও গঠনতন্ত্র পরিপন্থি বলে উল্লেখ করা হয়।

দলের যে শীর্ষ নেতারা তাতে স্বাক্ষর করেছিলেন, হাসান আল মামুন তাদের একজন। রেজা কিবরিয়া নুরকে বহিষ্কার করার পর কোটা সংস্কার আন্দোলনের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও গণঅধিকার পরিষদের অন্যতম প্রধান উদ্যোক্তা হাসান আল মামুনকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দিয়েছিলেন গত ২০ জুন।

বহিষ্কার-পাল্টা বহিষ্কারের পর নানা নাটকীয়তায় আজ সোমবার যখন কাউন্সিল অধিবেশন হচ্ছে, তার এক দিন আগেও মামুন এর বিরোধিতা করেছেন। কিন্তু কাল রাতে নিজের অবস্থান পরিবর্তন করেন। রাত ৪টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে মামুন জানান, দলের নেতাকর্মীদের অনুরোধে তিনি কাউন্সিল অধিবেশনে সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন।

এতে রেজা কিবরিয়া শিবির একটু ব্যাকফুটে চলে গেছে। এ বিষয়ে রেজা কিবরিয়ার পক্ষের নেতা ও দপ্তর সমন্বয়ক শাহাবুদ্দিন শুভ বলেন, কেউ যদি নীতিনৈতিকতার ধার না ধারে হুট করে তার অবস্থান পাল্টে ফেলে, কী বলার থাকে। কালও যিনি কাউন্সিলের বিরোধিতা করলেন, তিনি আজকেই পাল্টি খেলেন!

গণঅধিকার পরিষদের নির্বাচন হবে দুই ধাপে। প্রথমে দলের আহ্বায়ক কমিটির ১২৬ জন সদস্য ভোটাভুটির মাধ্যমে উচ্চতর পরিষদের আটজন সদস্য নির্বাচন করবেন। উচ্চতর পরিষদের নির্বাচনে প্রার্থী ২০ জন। এরপর দলের কার্যকরী পরিষদের নির্বাচন হবে। দলের ২১৬ জন ভোটার দলে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন আজ সোমবার।

দলে সভাপতি পদে নুরুল হক নুরের সঙ্গে লড়ছেন দুই যুগ্ম আহ্বায়ক নাজমুল উস সাকিব ও বায়েজিদ শাহেদ। হাসান আল মামুন নির্বাচনে অংশ নেওয়ায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী পাঁচজন। তারা হলেন রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার, জিল্লু খান ও হাসান আল মামুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা