× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নুরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি এনডিএমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ জুলাই ২০২৩ ১৬:৩০ পিএম

আপডেট : ০৯ জুলাই ২০২৩ ১৯:১৪ পিএম

নুরকে গ্রেপ্তারে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি এনডিএমের

ইসরায়েলের গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে চিহ্নিত মেন্দি এন সাফাদির সঙ্গে ‘গোপন বৈঠক করায়’ গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম। পাশাপাশি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে নুরের দল গণঅধিকার পরিষদকে নিবন্ধন না দিতে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছে দলটি।

রবিবার (৯ জুলাই) বিকালে রাজধানীর মালিবাগে নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ। তার সঙ্গে ছিলেন এনডিএমের যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নূরুজ্জামান হীরা, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমানসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতারা।

ববি হাজ্জাজ বলেন, ’ব্যক্তি নুরুল হক নুরের আর্থিক উত্থান বা দলীয় কর্মকাণ্ড নিয়ে রাজনৈতিক দল হিসেবে এনডিএম চিন্তিত নয়। তবে তার বিরুদ্ধে যখন বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েলের নাগরিকের গোপন বৈঠকের অভিযোগ ওঠে, তখন সেটা জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়ায়। আমরা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং মুসলিম উম্মাহর স্বার্থপরিপন্থি ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে নুরকে আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’

গণঅধিকার পরিষদের নিবন্ধন নিতে দলের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর দুজনেই দাবিদার। সেক্ষেত্রে রাষ্ট্রবিদ্রোহী কার্যকলাপের দায়ে নুরকে নিবন্ধন না দেওয়ার আবেদন জানানো হয়েছে রবিবার সকালে।

এক প্রশ্নের জবাবে ববি হাজ্জাজ বলেন, ’দেশ ও ইসলামবিরোধী কার্যকলাপে যারাই যুক্ত থাকবে, তাদের যেন নিবন্ধন দেওয়া না হয়, সেটা আমাদের আবেদন৷ এখন নির্বাচন কমিশন রেজা কিবরিয়াকে নিবন্ধন দিলে সেটা আমাদের মাথাব্যথার কারণ নয়।’

ববি হাজ্জাজ বলেন, ’নুরকে গ্রেপ্তার করা না হলে ও তার দলকে নিবন্ধন দেওয়া হলে এনডিএম আইনি লড়াইয়ে যাবে৷’ 

নুরের সমালোচনা করে ববি হাজ্জাজ বলেন, ’৭ জুলাই গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে নুর বলেছেন, আমাদের প্রিয় নবী (সা.) ইহুদিদের সঙ্গেও বৈঠক করেছেন, প্রয়োজনে আমরা শত্রুদের সঙ্গে বৈঠক করব এবং এটা সুন্নাত। এই ইঙ্গিতপূর্ণ বক্তব্যে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে তিনি নিজের অপকর্মকে আড়াল করার ঘৃণ্য প্রচেষ্টা চালিয়েছেন বলে আমরা মনে করি। নুরের এই সাহস কীভাবে হয় ধর্মকে নিজের মতো করে ব্যবহার করার? যার বিরুদ্ধে প্রকাশ্য বা গোপন আঁতাতের অভিযোগ উঠবে তাকেই আমরা দেশ ও ইসলামের শত্রু হিসেবে চিহ্নিত করব।’

সোমবার গণঅধিকার পরিষদের প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। নুরুল হক নুরের অনুসারীরা ওই কাউন্সিলে অংশ নিলেও বর্জন করেছে রেজা কিবরিয়ার পক্ষে থাকা দলের শীর্ষ নেতারা।

ববি হাজ্জাজ বলেন, ’আমরা মনে করি, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক, আর্থিক কেলেঙ্কারি, দেশীয় গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে আপসের মাধ্যমে আসন ভাগাভাগিসহ গুরুতর বিভিন্ন অভিযোগকে আড়াল করতেই নুর অগণতান্ত্রিক উপায়ে দলের কাউন্সিল অনুষ্ঠিত করতে যাচ্ছেন।’

এ বিষয়ে পরে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ’এনডিএম কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল নয়৷ তারা নুরকে নিয়ে কিছু বলে আলোচনায় থাকতে চায়। নুরের বিরোধিতা করে তারা সরকারের আনুকূল্য পেতে চায়।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা