× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ : গণঅধিকার পরিষদের একাংশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ জুলাই ২০২৩ ১১:৫০ এএম

আপডেট : ০৬ জুলাই ২০২৩ ১৪:১১ পিএম

রেজা কিবরিয়ার অপসারণ অবৈধ : গণঅধিকার পরিষদের একাংশ

গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়াকে অপসারণ সম্পূর্ণ অবৈধ ও প্রতারণামূলক বলে দাবি করেছেন দলটির শীর্ষ নেতাদের একাংশ। কদিন আগেও তারা দলের সদস্য সচিব নুরুল হক নুরের পক্ষে ছিলেন।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেন গণঅধিকার পরিষদের ৯ কেন্দ্রীয় নেতা। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হাসান। উপস্থিত ছিলেন আরেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান, যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও জাকারিয়া পলাশ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. আতাউল্লাহ, যুগ্ম সদস্য সচিব আবুল কালাম আজাদ, সহকারী সদস্য সচিব মো. শামসুদ্দিন প্রমুখ।

ফারুক হাসান বলেন, গঠনতন্ত্র অনুযায়ী ড. রেজা কিবরিয়ার কথিত অপসারণ সম্পূর্ণ অবৈধ। আমরা তার অবৈধ অপসারণ প্রক্রিয়াকে সমর্থন করি না। তিনি দলের আহ্বায়ক হিসেবে বহাল আছেন বলে মনে করি। তাকে বাদ দিয়ে যারা কাউন্সিলের দিন নির্ধারণ করেছেন তারা পরিকল্পিতভাবে দলকে ভাঙনের দিকে ঠেলে দিতে চাচ্ছেন।

গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর দলের গঠনতন্ত্রের ব্যত্যয় ঘটিয়ে কীভাবে রেজা কিবরিয়াকে অব্যাহতি দিয়েছেন, তারও ব্যাখ্যা দেন ফারুক হাসান।

তিনি বলেন, দলের গঠনতন্ত্রের ৩৮ ধারা অনুযায়ী আহ্বায়কের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব পাস ও অপসারণ করতে হলে কেন্দ্রীয় কমিটির মোট সদস্যের দুই তৃতীয়াংশ অর্থাৎ ১২১ সদস্যের মধ্যে অন্তত ৮১ জনের সমর্থন প্রয়োজন হয়। কাজেই মাত্র ৪৫ জন সদস্যের উপস্থিতিতে হওয়া সভায় আহ্বায়ককে অপসারণ অসম্ভব।

ফারুক হাসান বলেন, ওই সভায় সদস্যরা গোপন ব্যালটে ভোট গ্রহণের আহ্বান জানালে তা না করে প্রকাশ্যে হাত তুলে সমর্থন জানাতে বলা হয়। ফলে অনেকেই ভোটদানে বিরত থাকেন। কিন্তু সভা শেষে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রেজা কিবরিয়াকে দুই তৃতীয়াংশের ভোটে অপসারণ করা হয়েছে বলে দাবি করা হয়। এটি সম্পূর্ণ অগঠনতান্ত্রিক ও প্রতারণামূলক।

নুরের বিরুদ্ধে রেজা কিবরিয়ার তোলা অর্থ লোপাটের অভিযোগ তদন্ত করা হচ্ছে বলে জানান মিয়া মশিউজ্জামান। তিনি বলেন, নুরুল হক নুরকে প্রতিমন্ত্রী করার অফার দিয়ে, ১০টি আসন দেওয়ার অফার দিয়ে সরকার তাকে তাদের পক্ষে নিতে চেয়েছে, এমন অভিযোগ রয়েছে। নুর সেই অফার গ্রহণ করেছেন নাকি প্রত্যাখান করেছেন, তা এখনও তদন্তাধীন। পাশাপাশি মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকে কী আলোচনা করেছেন, তা কেন্দ্রীয় কমিটির সদস্যদের তিনি জানাননি। এ বিষয়ে তদন্ত চলছে।

ফারুক হাসান বলেন, গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়ার পক্ষে যারা রয়েছেন তাদের বক্তব্য কেবল দলের অফিসিয়াল বক্তব্য হিসেবে গৃহীত হবে। নুরুল হক নুর বা বাকিরা কোনো সংবাদ সম্মেলন বা বিবৃতি দিলে তা আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচিত হবে না।

মিয়া মশিউজ্জামান জানান, পল্টনের বক্স কালভার্ট রোডের যে ভবনে গণঅধিকার পরিষদের কার্যালয়, ওই ভবনের মালিকানা তার। তাই ভাড়ার লেনদেন হয় না। ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও নগদে সারা দেশ থেকে সাধারণ মানুষের অনুদানে দলটি চলে। পাশাপাশি নিজেদের চাঁদায় তারা দলের নানা কার্যক্রম পরিচালনা করেন।

এদিকে বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের অনুষ্ঠানে যোগ দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর। অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের বলেন, আগামী ১০ জুলাই গণঅধিকার পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত হবে। এখানে যারা অংশ নেবে, তারাই দলের আগামী দিনের নেতা হিসেবে বিবেচিত হবে। যারা অংশ নেবে না, তারা ঝড়ে পড়বে। 

যারা তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করছে, তাদের কাউকে বহিষ্কার করা হবে না বলেও জানান নুর। তিনি বলেন, দলের বিভিন্ন নেতার চারিত্রিক স্খলন হয়েছে। তাই তারা কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা পাবে না বলে আমার বিরুদ্ধে নানা ধরণের কথা বলছে। 

এদিনও কথিত মোসাদ এজেন্ট বলে মেন্দি এন সাফাদির সঙ্গে কোনো বৈঠক হয়নি বলে দাবি করেন নূর। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা