× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকা-১৭ আসনের উপনির্বাচন

প্রচার শুরু আরাফাতের, বাধার অভিযোগ হিরো আলমের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ জুলাই ২০২৩ ২১:৪৪ পিএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোহাম্মদ এ আরাফাত আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেছেন।

বুধবার (৫ জুলাই) রাজধানীর কালাচাঁদপুর, নদ্দা ও শাহজাদপুরে তিনি প্রচারে অংশ নেন। স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমও এদিন প্রচারে নেমেছিলেন। তবে প্রথম দিনের প্রচারে তিনি বাধার সম্মুখীন হয়েছেন বলে অভিযোগ করেছেন।

প্রচারে মোহাম্মদ এ আরাফাত বলেন, ইতোমধ্যে আমার নির্বাচনী আসনের এলাকাভিত্তিক সব সমস্যা চিহ্নিত করেছি। আমি নির্বাচিত হলে ধাপে ধাপে সব সমস্যার সমাধান করব। নির্বাচনে জয়ের ব্যাপারে আমি শতভাগ বিশ্বাসী। গত সোমবার আমি ঝটিকা সফরে কালাচাঁদপুর এলাকায় ঘুরে গেছি। তাদের সমস্যাগুলো চিহ্নিত করেছি।

তিনি বলেন, নির্বাচনে আমি তিনটি দিক থেকে বিজয়ী হতে চাই— জনগণকে সঙ্গে নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়া, জনসংযোগের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক ভোটার উপস্থিতি করানো এবং একটি পরিচ্ছন্ন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জয়ী হওয়া।

এদিকে রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে নির্বাচনী প্রচার চালাতে গিয়ে হামলার শিকার হওয়ার অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলম। এ ঘটনায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে (ইসি) রিটার্নিং কর্মকর্তার কাছে তিনি লিখিত অভিযোগ দিয়েছেন।

হিরো আলম দাবি করেন, আওয়ামী লীগের কিছু লোকজন বস্তির গেটে দাঁড়িয়ে বলেন, এখানে তোমরা ঢুকতে পারবে না। আরাফাত (নৌকার প্রার্থী) ভাইয়ের ভোট করব (প্রচার চালাবো)। এরপরও আমরা যখন ঢুকতে চেয়েছি তখন মহিলারা আমাদের গায়ে হাত তুলেছে। একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে। তারা ইট মেরেছে, জুতা মেরেছে, গায়ে হাত তুলেছে।

তিনি বলেন, রিটার্নিং অফিসারকে বলেছি, আমরা জানের নিরাপত্তা দেখছি না। আমি না হয় আমার জানের মায়া করলাম না, কিন্তু আজকে আমার একটা কর্মী হাসপাতালে। আমি তো চাই না, হিরো আলমের জন্য কোনো মায়ের বুক খালি হোক। এই নির্বাচন নির্বাচন করে কত মায়ের বুক খালি হয়েছে শুধু ক্ষমতায় যাওয়ার আশায়। তারা ক্ষমতায় ঠিকই আছে, কিন্তু মা তার সন্তানকে ফিরে পায়নি। এ রকম ঘটনা যদি হয়, আমার কর্মী যদি মারা যায়, তাহলে কী হবে?’

হিরো আলমের অভিযোগের বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মো. মুনীর হোসাইন সাংবাদিকদের বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। কর্তৃপক্ষকে দেব। তারা রিপোর্ট দিলে আমরা ব্যবস্থা নেব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা