রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ : ০১ অক্টোবর ২০২২ ১১:০৫ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২২ ১১:২২ এএম
সমাবেশস্থলে হাজির হচ্ছেন নেতাকর্মীরা। ছবি : প্রবা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও কর্মী সমাবেশ ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে।
শনিবার (১ অক্টোবর) জিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ কর্মী সমাবেশ হওয়ার কথা রয়েছে। এতে অংশ নিতে যাওয়া দুটি পক্ষের একটি হলো দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাস্টারের পক্ষ। অন্যটি স্থানীয় বিল্লাল মেম্বার ও যুবলীগ নেতা রফিকুল ইসলামের। অনুষ্ঠান ঘিরে সকাল থেকে সমাবেশস্থলের আশপাশে অবস্থান নিয়েছে উভয় পক্ষ।
অন্যদিকে, কর্মী সমাবেশ যাতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় তাই কঠোর অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসনও।
এ কর্মী সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবদুল আলীম, আবদুল আল সায়েমসহ আরও অনেকের।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম শাহেদ বলেন, সমাবেশ ঘিরে এখানে আওয়ামী লীগের দুটি পক্ষ অবস্থান নিয়েছে। সমাবেশ ঘিরে সমাবেশস্থলে উত্তেজনা দেখা দিতে পারে। তাই আগে থেকেই সমাবেশস্থল ও এর আশপাশে বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
তবে এখন পর্যন্ত উভয় পক্ষই শান্তিপূর্ণভাবে সমাবেশে আসতে শুরু করেছেন। কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন ওসি শাহেদ।
প্রবা/এনএস/এইচকে/জেও/