× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেজার চোখে বিশ্বাসঘাতক, নুর ভাবেন উদ্ভট লোক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জুলাই ২০২৩ ২০:৩৬ পিএম

আপডেট : ০৩ জুলাই ২০২৩ ০০:০২ এএম

গণ অধিকার পরিষদের একটি অনুষ্ঠানে রেজা কিবরিয়া ও নুরুল হক নুর। সংগৃহীত ছবি

গণ অধিকার পরিষদের একটি অনুষ্ঠানে রেজা কিবরিয়া ও নুরুল হক নুর। সংগৃহীত ছবি

বহিষ্কার পাল্টা-বহিষ্কারের পর এবার একে অন্যের বিরুদ্ধে নানা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন গণ অধিকার পরিষদের আহ্বায়ক পদ থেকে সদ্য অভিশংসন হওয়া নেতা ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুর।

রেজা কিবরিয়ার অভিযোগ, নুর বিশ্বাসঘাতক, সে দেশের জন্য ভয়ংকর লোক। ইসরায়েলের পক্ষে বাংলাদেশে বসে কাজ করছে। তাকে গ্রেপ্তার করে রহস্য উদঘাটন করতে সরকারের কাছে আহ্বানও জানান তিনি। আর নুরুল হক নুরের অভিযোগ, সরকারের সঙ্গে আঁতাত করে ড. রেজা কিবরিয়া ইনসাফ কায়েমের মিটিংয়ে গিয়েছিলেন। তিনি উদ্ভট চরিত্রের লোক।

রবিবার (২ জুলাই) সকালে রাজধানীর গুলশান-২-এ নিজের বাসায় সংবাদ সম্মেলন করেন রেজা কিবরিয়া। আর বিকালে রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নুর।

সংবাদ সম্মেলনে রেজা কিবরিয়া বলেন, ‘নুর বিশ্বাসঘাতক। সে সারা দেশের যুবসমাজের সঙ্গে, দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। যুবসমাজের আকাঙ্ক্ষাকে মাটি করে, নিজের ব্যক্তিগত কিছু রাজনৈতিক সুবিধা নিতে চায় বলে আমার ধারণা।’

নুর মোসাদের সঙ্গে আলোচনার কথা স্বীকার করেছে দাবি করে রেজা কিবরিয়া বলেন, ’সরকার ও গোয়েন্দা সংস্থার উচিত নুরকে জিজ্ঞাসাবাদ করা। তার বিষয়টি রহস্যজনক। তাকে গ্রেপ্তার করা উচিত। নুর সরকারের ইন্ধনে অনেক কিছু করে, তাই তার প্রতি অন্য রকম আচরণ করছে সরকার। সংগঠনের টাকার হিসাবও সে দিচ্ছে না।‘ 

নুরসহ তিনজনের বিরুদ্ধে মামলা করবেন উল্লেখ করে রেজা কিবরিয়া বলেন, ’আমাকে পদ থেকে সরানোর জন্য সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী যে ভোট দরকার, তা হয়নি। যার ফলে মিথ্যা স্বাক্ষর দিয়েছে, এটা তার অপরাধ।’

বিএনপি ভাঙার কোনো ইচ্ছা বা শক্তি তার নেই উল্লেখ করে তিনি বলেন, ’আমি চাই বিএনপি একসঙ্গে থাকুক। এটা ভাঙলে আওয়ামী লীগের লাভ, আমি তাদের লাভ চাই না। বরং নুরই বিএনপিকে ভাঙার পাঁয়তারা চালিয়েছিল।’

তিনি আরও বলেন, ’নুর সরকারি কিছু লোকের সঙ্গে বিভিন্ন আলোচনা করছে এবং নির্বাচনে যাওয়ার জন্য পাঁয়তারা করছে। আমার জানামতে সে জাহাঙ্গীর কবির নানক, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুর সঙ্গে দেখা করেছে। সে বোধ হয় ওদের মতো হতে চায়। মন্ত্রী হবে কিছু টাকা-পয়সা বানাবে। আর এটাতেই সে সন্তুষ্ট।’ 

বিকালে পাল্টা সংবাদ সম্মেলনে নুর বলেন, ’মোসাদের সঙ্গে আমার কোনো বৈঠক হয়নি, আর্থিক লেনদেন হয়নি। আমাদের বিরুদ্ধে এসব অপপ্রচার করা হচ্ছে। রেজা কিবরিয়া যা বলেছেন তা অসত্য ও অপপ্রচার।’

দল পরিচালনায় অর্থের জোগানের বিষয়ে তিনি বলেন, ’আওয়ামী লীগ ও বিএনপির মতো বড় বড় রাজনৈতিক দলগুলো ডোনারদের সহায়তায় পরিচালিত হচ্ছে। আমাদের তো ব্যবসায়ীরা টাকা দেবে না, আমাদের দল পরিচালিত হচ্ছে বখশিশের টাকায়। কেউ যদি আমাদের বখশিশ দিতে চায়, অবশ্যই আমরা তা নেব।’

নুর জানান, গণ অধিকার পরিষদের নেতৃত্ব ঠিক করতে ১০ জুলাই ঢাকায় একটি কাউন্সিল করে নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঠিক করা হবে।

অভ্যন্তরীণ নানা বিষয় নিয়ে গণ অধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের মধ্যে বেশকিছু দিন ধরেই মতানৈক্য চলছিল। ১৮ জুন দলটির কেন্দ্রীয় পরিষদের বৈঠকে বিষয়টি প্রকাশ্যে আসে। এরপর নুরের নেতৃত্বে অনুষ্ঠিত দলের এক বিশেষ সভায় রেজা কিবরিয়াকে বাদ দিয়ে ১ নং যুগ্ম আহ্বায়ক রাশেদ খানকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ঘোষণা করা হয়।  এই সিদ্ধান্ত অবৈধ জানিয়ে রেজা কিবরিয়া ভারপ্রাপ্ত আহ্বায়ক মনোনয়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে নেতাদের বিরুদ্ধে উস্কানিমূলক পোস্ট দিয়ে দলে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ এনে রাশেদ খান ও নুরকে কেন্দ্রীয় কমিটি থেকে সাময়িক অব্যাহতি দেন। দুজনকে কারণ দর্শানোর নোটিসও দেন তিনি। ২৩ জুন রেজা কিবরিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের সিদ্ধান্ত নেন নুরপন্থিরা। রেজা কিবরিয়ার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার এক সপ্তাহের মধ্যে ব্যাখ্যা চেয়ে একটি চিঠিও দেওয়া হয়। এপর শনিবার (১ জুলাই) জরুরি সভায় দলের দুই তৃতীয়াংশের মতামতের ভিত্তিতে রেজা কিবরিয়াকে অভিশংসন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা