প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুন ২০২৩ ২৩:৩১ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৩ ০০:১২ এএম
প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত। প্রবা ফটো
ঢাকা-১৭ আসনের উপনির্বাচন নিয়ে শুধু দেশবাসী নয় বরং বিশ্ববাসী তাকিয়ে আছে বলে মন্তব্য করেছেন এই আসনের নৌকার প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।
তিনি বলেছেন, এ নির্বাচনের কয়েকমাস পরেই জাতীয় সংসদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। এটি এখান থেকেই প্রমাণিত হবে।
সোমবার (২৬ জুন) নির্বাচনী প্রতীক বরাদ্দ পেয়ে রাজধানীর গুলশানের কড়াইল বস্তির এরশাদ মাঠে জনসভা ও মিছিল পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।
প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক জহিরুল হক জিল্লুরের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য রাখেন ঢাকা উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি ওয়াকিল উদ্দিন, ১৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মফিজুর রহমান প্রমুখ।
আরাফাত বলেন, ‘আমরা শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করে দেখিয়ে দেব বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব। শেখ হাসিনার অধীনেই সেই নির্বাচন হবে। আমরা বিজয়ী হয়ে দল-মত নির্বিশেষে সবার কল্যাণে কাজ করব। এখানে নৌকাকে হারতে দেব না। বিজয় নিয়ে ঘরে ফিরব।’
তিনি আরও বলেন, ‘এই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত চিত্রনায়ক ফারুক কিছু কাজ শুরু করেছিলেন। অসুস্থতাজনিত কারণে তিনি ভোটারদের সময় দিতে পারেননি। তার আগে প্রায় ২০ বছর এ আসনে আওয়ামী লীগের কোনো প্রার্থী ছিল না। ভোটাররা তাদের সুযোগ-সুবিধা সঠিকভাবে পায়নি। এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এ আসন উপহার দেওয়া প্রত্যেক ভোটারের দায়িত্ব। আমরা ১৭ জুলাই এটির প্রমাণ দেখাতে চাই।’
সকালে রাজধানীর আগারগাঁওয়ে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত (নৌকা), জাতীয় পার্টি সিকদার আনিসুর রহমান (লাঙ্গল), বাংলাদেশ কংগ্রেসের মো. রেজাউল ইসলাম স্বপন (ডাব), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট মো. আকতার হোসেন (ছড়ি), জাকের পার্টি কাজী মো. রাশিদুল হাসান (গোলাপ ফুল) ও তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান (সোনালী আঁশ) এবং স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম পেয়েছেন একতারা প্রতীক পেয়েছেন। প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার কাজ শুরু করেছেন অন্য প্রার্থীরাও।
তা ছাড়া হাইকোর্ট স্বতন্ত্র প্রার্থী মো. তারিকুল ইসলাম ভূঞাঁ মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দেন।
আগামী ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ভবন থেকে ভোট পর্যবেক্ষণের জন্য থাকবে সিসিটিভি ক্যামেরা। রাজধানীর গুলশান, বনানী, ভাষানটেক থানা ও সেনানিবাস এলাকা নিয়ে আসনটি গঠিত।
গত ১ জুন ইসি সচিব মো. জাহাংগীর আলম উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের দিন ছিল ১৫ জুন। ১৮ জুন করা হয় যাচাই-বাছাই এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ছিল ২৫ জুন পর্যন্ত।
চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুতে ঢাকা-১৭ আসন শূন্য হয়।