প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:৩৬ পিএম
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৫ পিএম
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। ছবি : প্রবা
যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোষিতদের নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন। এমন একজন প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্ব এদেশে বারবার প্রয়োজন।
বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভা ও দুস্থদের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে শহীদ (ক্যাপ্টেন) এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এ কর্মসূচি আয়োজন করা হয়।
ফজলে শামস পরশ বলেন, শেখ হাসিনা দেশে ফিরে তখন যদি দেশের হাল না ধরতেন, তাহলে মিলিটারির শোষণ যুগ যুগ ধরে থেকে যেত।

তিনি বলেন, করোনার সময় খাদ্যের জোগান দেওয়া শেখ হাসিনার জন্য ছিল একটা চ্যালেঞ্জ। অনেক দেশের চেয়ে শেখ হাসিনা অর্থনীতির প্রবৃদ্ধির হার নিয়ন্ত্রণ রেখেছেন।
শেখ হাসিনার নেওয়া পদক্ষেপের কথা উল্লেখ করে যুবলীগ চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার যে আশ্রয়ণ প্রকল্প সেটি যুগান্তকারী পদক্ষেপ। গণশিক্ষার হার বৃদ্ধি পেয়েছে, পৃথিবীর নামকরা ৫টি দেশের মধ্যে বাংলাদেশ একটা। সংবাদপত্রের স্বাধীনতা তিনিই নিশ্চিত করেছেন।
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইন উদ্দিন রানার সভাপতিত্বে সভায় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিল, প্রচার সম্পাদক জয়দেব নন্দীসহ কেন্দ্রীয় ও ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।
সভা পরিচালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচএম রেজাউল করিম রেজা।
প্রবা/আরএম/এমজে