মোসাদের সঙ্গে বৈঠক প্রসঙ্গ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৩ ২০:৪৭ পিএম
আপডেট : ১০ জুলাই ২০২৩ ১২:০৩ পিএম
গণ অধিকার পরিষদের নুরুল হক নুর। প্রবা ফটো
গণ অধিকার পরিষদের নুরুল হক নুর ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন বলে যে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত, তার প্রতিক্রিয়ায় ওই রাষ্ট্রদূতের বিরুদ্ধে অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ তুলেছেন নুুর। তিনি এ-ও দাবি করেছেন, গণ অধিকার পরিষদ একটি ইসলামি মূল্যবোধের দল।
বৃহস্পতিবার (২২ জুন) সন্ধ্যায় রাজধানীর পল্টনে গণ অধিকার পরিষদ কার্যালয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা বলেন নুরুল হক নুর।
তিনি বলেন, ‘কী তথ্য-প্রমাণ আছে রাষ্ট্রদূতের বক্তব্যের? ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে আমার বৈঠক নিয়ে তিনি যে কথা বলেছেন, তা ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আমার ভারতীয় ভিসা নেই, দুবাইও কখনও যাইনি। দুবাইয়ের একটি এয়ারপোর্টে কেবল ট্রানজিট হয়েছিল একবার। সেখানে কি মিটিং করার সুযোগ আছে? আমার মনে হয়, ফিলিস্তিনের রাষ্ট্রদূত সরকারের কোনো এজেন্সির ডলার খেয়ে এমন মিথ্যা বিবৃতি দিয়েছেন।’
আরও পড়ুন: মোসাদের সঙ্গে তিন দফা বৈঠক করেছেন নুর : ফিলিস্তিনের রাষ্ট্রদূত
এ দিন ঢাকার দূতাবাসে সাংবাদিকদের ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান জানান, কাতার, দুবাই ও ভারতে নুরের সঙ্গে মোসাদের তিন দফা বৈঠক হয়েছে বলে তাদের কাছে ছবি আছে। তবে নুর যদি তা অস্বীকার করে থাকেন, সেটা ফিলিস্তিনের জন্য ভালো। যদি সত্য হয়ে থাকে, তাহলে এ ঘটনা বাংলাদেশের নিরাপত্তার জন্যও হুমকি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাষ্ট্রদূতের এমন মন্তব্য দেশের বিরুদ্ধে হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন নুরুল হক নুর। তিনি বলেন, ‘বাংলাদেশে কয়েকজন অ্যাম্বাসেডর আছেন, যারা মনে করেন বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বললে বিশেষ সুবিধা পাবেন। তাই তারা বাংলাদেশের রাজনীতিতে নাক গলাতে পছন্দ করেন। তাদের কিছু মন্তব্য বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে টালমাটাল করে দিচ্ছে, বাংলাদেশের রাজনীতিকে হুমকির মুখে ফেলে দিচ্ছে।’
নুর বলেন, ‘আমরা ইসলামি মূল্যবোধের একটি দল। এখন আওয়ামী লীগ প্রোপাগান্ডা চালাবে যে আমরা গোপনে ইসরায়েলের সঙ্গে যোগাযোগ রাখছি। মূলত আওয়ামী লীগ সরকারই চতুর্থবারের মতো ক্ষমতায় আসার জন্য ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়েছে।’