প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৩ ০১:০৯ এএম
আপডেট : ১৮ জুন ২০২৩ ১০:৫২ এএম
সরকারের পদত্যাগের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণসমাবেশে ফরহাদ মাজহার। প্রবা ফটো
বর্তমান সরকারকে ‘জালেম’ আখ্যা দিয়ে জাতীয় ইনসাফ কায়েম কমিটির আহ্বায়ক ও বিশিষ্ট সমাজ চিন্তক ফরহাদ মজহার বলেছেন, এ সরকারের পতনের লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে গণঅভ্যুত্থান জরুরি। আর এই গণঅভ্যুত্থানে অংশ নেওয়াদের সঙ্গে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে।
শনিবার (১৭ জুন) ‘জালিম ব্যবস্থা উৎখাত ও সরকারের পদত্যাগের’ দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে এক গণসমাবেশে এ কথা বলেন তিনি।
ইনসাফ কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের বেশ আগে থেকেই গণসমাবেশ অনুষ্ঠানে দায়িত্বরত পুলিশ সদস্যরা বাধা দিতে থাকে। সমাবেশের জন্য আনা মাইক, ট্রাক, স্টেজ, লাইট পুলিশ নিয়ে গিয়ে প্রতিবন্ধকতা তৈরি করে। পরে পুলিশি বাধা উপেক্ষা করে সমাবেশ সংক্ষিপ্ত করা হয়।
সমাবেশে জাতীয় ইনসাফ কায়েম কমিটির সদস্য সচিব শওকত মাহমুদ পুলিশি বাধার তীব্র সমালোচনা করে বলেন, ‘সমাবেশের স্বাধীনতায় যারা বাধা দিয়েছে, তাদের একদিন জবাবদিহির আওতায় আনা হবে।’
বিশেষ অতিথির বক্তব্যে গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া বলেন, ‘এ সরকারের আমলে পাচারকৃত সব অর্থ ফিরিয়ে আনার ব্যবস্থা করা হবে। এ ছাড়া পাচারকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।’
জাহাঙ্গীর আলম প্রধানের সঞ্চালনায় অন্যদের মধ্যে হকার্স নেতা সিদ্দিকুর রহমান, জিয়া গবেষণা পরিষদের সভাপতি অধ্যক্ষ আনিসুর রহমান, গণআজাদী লীগের সিনিয়র সহ-সভাপতি রেহানা সালাম, সিনিয়র সাংবাদিক আব্দুল আউয়াল ঠাকুর, ফারহাত হোসেন, রেজাউর রহমান প্রমুখ বক্তব্য দেন।