× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুগপৎ আন্দোলন : এক দফার ভিত্তিতে যৌথ ঘোষণা আসতে পারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ জুন ২০২৩ ২০:৫৫ পিএম

গত ১১ জুন সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চের নেতারা। ফাইল ছবি

গত ১১ জুন সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চের নেতারা। ফাইল ছবি

যুগপৎ আন্দোলনের ‘রাষ্ট্র সংস্কারের’ যৌথ ঘোষণার ব্যাপারে এখনও একমত হতে পারেনি বিএনপি ও গণতন্ত্র মঞ্চ। তবে দুই পক্ষই  সমন্বিত একটি প্রস্তাবনা দেওয়ার ব্যাপারে আলোচনা চালিয়ে যাচ্ছে।  তবে এ ব্যাপারে একমত না হতে পারলে বিকল্প হিসাবে এক দফার ভিত্তিতে যৌথ ঘোষণা দেওয়ার কথা ভাবছেন তারা।

দুই পক্ষের নেতারাই তেমন ইঙ্গিত দিয়েছেন। তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে গত মঙ্গলবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপি ও গণতন্ত্র মঞ্চের নেতাদের বৈঠক হয়। সেখানে বিএনপির দেওয়া প্রস্তাবনা নিয়ে গত দুইদিন গণতন্ত্র মঞ্চ নিজেদের মধ্যে বৈঠক করেছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে বৈঠক করেছে গণতন্ত্র মঞ্চ। 

মঙ্গলবারের বৈঠকে বিএনপির পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের নেতাদের জানানো হয়, এক দফার আন্দোলনে যাওয়ার ব্যাপারে তাদের দলের স্থায়ী কমিটিতে আলোচনা হয়েছে। এটিকে এখন তারা বেশি প্রাধান্য দিচ্ছেন। রাষ্ট্র সংস্কারের সব বিষয়ে একমত হতে না পারলে এ মুহূর্তে যৌথ ঘোষণা দেওয়া সম্ভব নয়। 

বৈঠকের বিষয়ে বিএনপির লিয়াজোঁ কমিটির এক নেতা বলেন, এক দফার ভিত্তিতে আন্দোলন গড়ে তোলার ব্যাপারে গণতন্ত্র মঞ্চের সঙ্গে একমত হয়েছেন তারা। তবে রাষ্ট্র সংস্কারে যৌথ ঘোষণা নিয়ে এখনও মতপার্থক্য আছে। 

ওই নেতা বলেন, তাদের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে- অভিন্ন দাবিতে এক দফার আন্দোলনের ঘোষণা করা হবে। আর রাষ্ট্র সংস্কারের যৌথ ঘোষণা যুগপৎ আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলো যার যার মতো করে ঘোষণা করবে। এ বিষয়ে গণতন্ত্র মঞ্চ দ্বিমত পোষণ করেনি।  

এ বিষয়ে ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু বলেন, অনেক বিষয়ে ঐক্যমত হয়েছে। কয়েকটি বিষয়ে দ্বিমত আছে। সে ব্যাপারে এখনও কথা চলছে। 

এ ব্যাপারে গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, রাষ্ট্রসংস্কারের যৌথ ঘোষণাপত্রের কয়েকটি দফায় আমাদের মধ্যে মতানৈক্য রয়েছে। এর বাইরে আর সবকিছুতেই আমরা একমত। 

তিনি বলেন, প্রয়োজনে পৃথকভাবে যৌথ ঘোষণাপত্র আসতে পারে।

রাষ্ট্রীয় ক্ষমতায় ভারসাম্য প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গত মাসের শেষ দিকে যৌথ ঘোষণাপত্রের ৩১ দফা খসড়া প্রণয়ন করে বিএনপি। যুগপৎ আন্দোলনের অন্য শরিক দলগুলো ৩১ দফায় সম্মতি দিলেও গণতন্ত্র মঞ্চ তিনটি দফায় আপত্তি জানায়।

সেগুলো হল- সংবিধানের ৭০ অনুচ্ছেদ, অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্ষমতা ও দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার গঠন প্রক্রিয়া। এই তিন দফা নিয়ে দুপক্ষই নিজ নিজ অবস্থানে অটল। এখন বিকল্প হিসাবে এক দফার ভিত্তিতে আন্দোলনে যাওয়ার আগে যৌথ ঘোষণাপত্র প্রকাশ্যে আনার চেষ্টা করছে।  

বিএনপির পক্ষে এক দফার ভিতিতে যৌথ ঘোষণার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হল- বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, মিথ্যা-গায়েবী মামলা প্রত্যাহার, ফরমায়েসী সাজা বাতিল এবং সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের অর্থনৈতিক মুক্তি, ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার ১ দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও সফল করার ঘোষণা প্রদান করছে।

অন্যদিকে গণতন্ত্র মঞ্চের পক্ষে এক দফার ভিত্তিতে যৌথ ঘোষণার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে তা হল- বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণকারী বর্তমান ফ্যাসিবাদী, কর্তৃত্ববাদী সরকারের পদত্যাগ ও বিদ্যমান অবৈধ সংসদের বিলুপ্তি, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠন করে তার অধীনে অবাধ, নিরপেক্ষ, গণতান্ত্রিক, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের ব্যবস্থা, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীর মুক্তি, রাষ্ট্র কাঠামো মেরামত ও তার গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে প্রয়োজনীয় সাংবিধানিক ও শাসনতান্ত্রিক সংস্কারের মাধ্যমে জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার এক দফা দাবিতে রাজপথে সক্রিয় বিরোধী রাজনৈতিক দল ও জোটসমূহ যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ বৃহত্তর গণআন্দোলন গড়ে তোলা ও তা সফল করার ঘোষণা প্রদান করছে।

জানা গেছে, দুই পক্ষের প্রস্তাবিত এই দুই ঘোষণাপত্রের দু-একটি বিষয় নিয়েও দ্বিমত আছে। তবে এ নিয়ে কাজ চলছে। খুব শিগগিরই তা প্রকাশ্যে আসবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা