প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ২২:৪০ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ২৩:০০ পিএম
গোলাম আশরাফ তালুকদার ও মারুফ আহমেদ মনসুর।
দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আশরাফ তালুকদার ও সদস্য মারুফ আহমেদ মনসুরকে বহিষ্কার করা হয়েছে। রাজধানীর মতিঝিলের আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু হত্যা মামলার অভিযোগপত্রে নাম আসার পর ওই দুই নেতার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হলো।
বুধবার (৭ জুন) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের পক্ষ থেকে এ সংক্রান্ত দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এতে বলা হয় : সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গঠনতন্ত্রের ৪৭ ধারা অনুযায়ী গোলাম আশরাফ তালুকদার ও মারুফ আহমেদ মনসুরকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হলো।
জানতে চাইলে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘নেত্রীর (শেখ হাসিনা) নির্দেশেই তাদের বহিষ্কার করা হয়েছে। খুনের মতো গর্হিত অপরাধের মামলার চার্জশিটে তাদের নাম এসেছে। এই কারণে তাদের সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।’
যুবলীগ নেতা টিপু হত্যার ১৪ মাস পর সোমবার (৫ জুন) মামলার অভিযোগপত্র আদালতে জমা দেয় তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ-ডিবি। এতে টিপু হত্যার সঙ্গে ৩৪ জনের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করেছে ডিবি। একজনের নিশ্চিত না হওয়ায় আসামি রাখা হয়েছে ৩৩ জনকে। এরমধ্যে রয়েছে গোলাম আশরাফ তালুকদার মারুফ আহমেদ মনসুর। তাদেরকে পলাতক দেখানো হয়েছে। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্যও আদালতের কাছে আবেদন করেছে ডিবি।