প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৩ ১৪:০১ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৩ ১৫:৩৬ পিএম
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপি। প্রবা ফটো
নির্বাচনকালীন সরকার ও জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে আওয়ামী লীগের সংলাপের ইস্যুতে ক্ষমতাসীন দলের নেতা ও মন্ত্রীরা যে বক্তব্য দিচ্ছেন, তা আপাতত আমলে নিচ্ছে না বিএনপি। এসব নিয়ে কে কোথায় কী বক্তব্য দিচ্ছে- সেসবের জবাব দেওয়ার প্রয়োজন আছে বলেও মনে করেন না দলটির নেতারা।
বুধবার (৭ জুন) গুলশান বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলনে আয়োজন করে বিএনপি। সংবাদ সম্মেলন শেষে আওয়ামী লীগ নেতাদের বক্তব্য নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘কোথায় কোন সমাবেশে কে কী বলছে, সেটার জবাব দেওয়া গুরুত্বপূর্ণ না। আমরা রাজনীতি পরিবর্তন করছি।’
গতকাল মঙ্গলবার প্রয়োজনে জাতিসংঘের মধ্যস্থতায় বিএনপির সঙ্গে বৈঠক করতে চান বলে মন্তব্য করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও ১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু। ‘সংকট’ নিরসনে জাতিসংঘকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জাতিসংঘের পক্ষ থেকে প্রতিনিধি আসুক। আমরা বিএনপির সঙ্গে আলোচনা করে দেখতে চাই, কোথায় সমস্যা; সুষ্ঠু নির্বাচনে বাধা কোথায় এবং কীভাবে সেটা নিরসন করা যায়। এটা আলোচনার মধ্য দিয়েই সুরাহা হতে পারে, অন্য কোনো পথে নয়।’
ক্ষমতাসীন দলের নেতার এই বক্তব্যের পরদিনই আজ বুধবার এর বিপরীত বক্তব্য দিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘জাতিসংঘ কেন মধ্যস্থতা করতে যাবে? আমাদের দেশে এমন কোনো রাজনৈতিক সংকট হয়নি যে জাতিসংঘের এখানে ইন্টারফেয়ার করতে হবে। জাতিসংঘ মধ্যস্থতা করবে এই রকম কোনো সংকট স্বাধীন বাংলাদেশে হয়নি।’
এ ছাড়া আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির সঙ্গে আলোচনার কোনো সিদ্ধান্ত এখনও হয়নি বলেও জানান তিনি।
বিএনপির সঙ্গে সংলাপ হতে পারে–আমির হোসেন আমুর এ বক্তব্যকে তার নিজস্ব বক্তব্য বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে গণতন্ত্রের স্বার্থে সংলাপের কোনো বিকল্প নেই বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজনৈতিক যেকোনো সমস্যা সমাধানে আলোচনা প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী আজ বলেন, ‘সংলাপের কোনো বিকল্প নেই। আমরা মনে করি, সব কিছুই সংলাপের মাধ্যমে, আলোচনার মাধ্যমে শেষ করতে হবে।’
সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগের আসল অবস্থা বুঝতেই পারছেন। এটাই হলো তাদের ক্যারেক্টার।’