× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির কর্মসূচিতে হামলাকারীরা চিহ্নিত হচ্ছে : ড. মোশাররফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ২১:২৪ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২২ ১৫:৪১ পিএম

ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ফটো

ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ফটো

বিএনপির চলমান কর্মসূচিতে যারা হামলা করছে, তাদের চিহ্নিত করে রাখা হচ্ছে বলে হুঁশিয়ার করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদে এক সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। 

ড. মোশাররফ বলেন, ‘আমি বলতে চাই, হামলা করে আপনারা চিহ্নিত হচ্ছেন, জনগণের কাছে চিহ্নিত হচ্ছেন। আমরা যারা জনগণের কথা বলছি, তাদের বিরুদ্ধে আপনারা দাঁড়াচ্ছেন, আমাদেরকে লাঠিপেটা করছেন। জনগণ আপনাদের চিহ্নিত করে রাখছে। ইনশাল্লাহ বেশিদিন সময় নেই, আপনাদেরকে জনগণের সামনে জবাবদিহি করতে হবে, আপনাদের বিচার হবে।’

তিনি আরও বলেন, ‘গত ১৫ বছরে বিএনপি বিরুদ্ধে অনেক হামলা-মামলা-গুম করে আমাদের দমাতে পারেননি। আমরা বলতে চাই, এত কিছুর পরও যদি আপনারা বিএনপিকে এই পর্যন্ত দুর্বল করতে না পেরে থাকেন আর চেষ্টা কইরেন না।’

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সদস্য পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, ‘আমি পুলিশ ভাইদের বলতে চাই, আপনারা কোনো দলের কর্মকর্তা-কর্মচারী নন। আপনারা এদেশের মানুষের ট্যাক্সের পয়সায় প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী। এভাবে হামলা করে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আপনারা নিজেদের শপথ ভঙ্গ করছেন। আমরা বলতে চাই, অনেক হয়েছে, আর নয়। আর আমাদের নেতা-কর্মীদের ওপর আপনারা হামলা করবেন না।’

তিনি দেশের বর্তমান অবস্থা তুলে ধরে বলেন, ‘সরকারের মেগা দুর্নীতির জন্য আজকে দেশে দুরাবস্থা, এই মেগা দুর্নীতির জন্য আজকে আমাদের রিজার্ভ কমে গেছে, আজকে ডলারের সংকট, আমদানি-রপ্তানি কমে গেছে। ওরা শেয়ার বাজার লুট করেছে, রিজার্ভ লুট করেছে, ব্যাংকের অর্থ লুট করেছে।’

তিনি এই দুরাবস্থা থেকে এদেশের মানুষকে মুক্ত করত হলে গণতন্ত্র পুনুরুদ্ধার করতে হবে বলে মনে করেন। 

তিনি বলেন, ‘গণতন্ত্র হত্যাকারীদের জনগণ আর চায় না। আমাদের দায়িত্ব হচ্ছে দেশের জনগণকে ঐক্যবদ্ধ করে, এদেশের সবাই গণতান্ত্রিক দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ করে এই ফ্যাসিস্ট সরকারকে হটাতে হবে। এর কোনো বিকল্প নেই। আসুন আমরা সবাই মিলে এদেশকে মুক্ত করি, জনগণের দাবি, জনগণের সরকার প্রতিষ্ঠা করি।’

সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, ‘আমরা জনগণের ক্ষমতায় বিশ্বাস করি। জনগণ শুধু একটা ভোট দিতে চায়। আর কিছু চায় না।’

ঢাকা মহানগর দক্ষিণ জোন ৭ (যাত্রাবাড়ী ও ডেমরা)-এর উদ্যোগে জ্বালানি তেল ও দ্রব্যমূল্যের ঊধর্বগতি, ভোলায় ও নারায়ণগঞ্জে দলীয় নেতাকর্মী হত্যা এবং পল্লবীসহ সারা দেশে বিএনপির কর্মসূচিতে আওয়ামী লীগের হামলার প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়। 

ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ঢাকা উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, দক্ষিণের আহ্বায়ক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদ, ফজলুল হক মিলন, নাজিম উদ্দিন আলম, মীর সরাফত আলী সপু, শামীমুর রহমান শামীম, ঢাকা দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু, ইশরাক হোসেন প্রমুখ। 

প্রবা/এইচকে/ এসআর
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা