প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২২ ১২:৪২ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২২ ১৩:০০ পিএম
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ফাইল ছবি
পানি ঘোলা করে বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে অনুষ্ঠিত হবে।
নড়াইলের কালনা এলাকায় বৃহস্পতিবার মধুমতী নদীর ওপর নির্মিত মধুমতী সেতু পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন সেতুমন্ত্রী। এ সময় সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা উপস্থিত ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, নির্বাচনকালীন সময়ে সরকার রুটিন দায়িত্ব পালন করবে। নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই, উচ্চ আদালতের নির্দেশে তত্ত্বাবধায়ক সরকার এখন জাদুঘরে।
এ সময় আগামী মাসের যেকোনো দিনে কালনা মধুমতী সেতুর উদ্বোধন করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, সেতুর উদ্বোধনের দিনক্ষণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে এলেই জানিয়ে দেবেন, ইতোমধ্যে সেতুর সামারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হয়েছে এবং তিনি সই করেছেন।
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই এই সেতুর নামকরণ করা হয়েছে মধুমতী সেতু।
৬৯০ মিটার দীর্ঘ সেতুটির নির্মাণে ব্যয় হয়েছে ৯৫৯ কোটি ৮৫ লাখ টাকা। মধুমতী সেতুকে পদ্মার মিসিং লেন উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, পদ্মা সেতুর সুবিধা পেতে হলে মধুমতী সেতু নির্মাণ করতেই হতো।
প্রবা/এনএস/এমজে