প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ২৩:৪৯ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফোকাস বাংলা ফটো
প্রধানমন্ত্রীকে নিয়ে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের হুমকিকে ‘মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি অনাকাঙ্ক্ষিত’ বক্তব্য বলছে বিএনপি। এ বিষয়ে বুধবার (২৪ মে) সন্ধ্যায় বিবৃতি দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, সম্প্রতি আবু সাঈদ চাঁদের মুখ ফসকে বেরিয়ে যাওয়া একটি অনাকাঙ্খিত বক্তব্যকে কেন্দ্র করে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে তাদের ভীত সন্ত্রস্ত করার কৌশল অবলম্বন করেছে কর্তৃত্ববাদী সরকার।
বিএনপি মহাসচিব বলেন, সরকার নিজেদের অস্তিত্বের প্রশ্নে এখন বেসামাল হয়ে উঠেছে। তাই তারা বিরোধী দলের নেতাকর্মীদের ওপর জুলুম-নির্যাতন চালিয়ে তাদের ভীত সন্ত্রস্ত করার কৌশল অবলম্বন করেছে। বানোয়াট ও মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার, বিনা ওয়ারেন্টে গ্রেপ্তারের পর গায়েবী মামলায় নাম দিয়ে জুলুম করা হচ্ছে।
বিবৃতিতে তিনি আরও বলেন, আবু সাঈদ চাঁদের একটি বক্তব্যকে অজুহাত হিসেবে নিয়ে বর্তমান শাসকগোষ্ঠী ঘৃণ্য অপরাজনীতি ও জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে। অথচ আওয়ামী নেতারা প্রায়ই বিএনপির নেতৃবৃন্দকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে।
বিবৃতিতে আবু সাঈদ চাঁদের চার বছরের নাতনিসহ পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের নামে হয়রানির তীব্র নিন্দা করেন মির্জা ফখরুল।