প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ১৬:২২ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ১৬:৪৪ পিএম
বিএনপি ১০ দফা বাস্তবায়নের জন্য যে মিছিল করছে শিগগিরই তা এক দফায় পরিণত হবে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান।
তিনি বলেন, ’খালেদা জিয়ার নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সেটার কার্যকারিতা কমাতেই তাকে কারারুদ্ধ রাখা হয়েছে। আমরা এখনও কোনো হরতাল, সরকার পতনের আন্দোলন শুরু করিনি।’
বুধবার (২৪ মে) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘জাতীয় নির্বাচনকালীন নির্দলীয় সরকারব্যবস্থা কেন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুল্লাহ আল নোমান বলেন, ’’আওয়ামী লীগ বলছে, সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে রাজি না। কিন্তু সেই সংবিধান কি অক্ষত রয়েছে? পরিবর্তিত সংবিধানের নির্বাচন বা আলোচনা কোনোটাই হবে না। যেখানে দিনের ভোট রাতে হয়, ব্যালটবিহীন নির্বাচন হয়, তাতে বিএনপি অংশ নেবে না। যতক্ষণ ‘আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব’ পরিস্থিতি তৈরি না হচ্ছে, ততক্ষণ আমরা নির্বাচন করতে দেব না।’’
তিনি বলেন, ’আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চায়, অথচ তারা তৃণমূল ও জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ১৮ সালের নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এবারও পারবে না। এই স্বৈরশাসক উৎখাতে প্রয়োজন নির্দলীয় সরকার। আমরা চাই দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হোক। এই নির্বাচন কমিশন বা সরকার নয়, নতুন একটি ব্যবস্থা তৈরি করে নির্বাচন করতে হবে।’
প্রধান আলোচকের বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান দুদু বলেন, ’রাজনৈতিক সংকট মোচনে প্রধানমন্ত্রীর পদত্যাগের বিকল্প নেই।’
প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ’আপনাকে পদত্যাগ করতেই হবে। নরমালি করবেন নাকি বাধ্য হয়ে করবেন, সেটা আপনার বিবেচনায। কিন্তু এবার আপনাকে পদত্যাগ করতেই হবে। আপনি অবৈধ কেয়ারটেকার সরকারের অধীনে ক্ষমতায় এসেছেন। আপনি ১৪ বছরে যা করেছেন, সব অবৈধ। ১৪ ও ১৮ সালের নির্বাচন অবৈধ। তাই আপনাকে পদত্যাগ করতে হবে। সংসদ ভেঙে দিতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে। এখন আপনি যদি না পারেন, তাহলে আমরা করব। এরশাদ পারেনি, আমরা করেছি।’
ইয়ুথ ফোরামের উপদেষ্টা এম নাজমুল হাসানের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবীব লিংকন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বুলু, অ্যাডভোকেট শেখ ওয়াহিদুজ্জামান দিপু, কৃষক দলের যুগ্ম সম্পাদক শাহ আব্দুল্লাহ আল বাকি, সাবেক ছাত্রনেতা শাহজাহান মিয়া সম্রাট, বাংলাদেশ ইয়ুথ ফোরামের সহসভাপতি মাহমুদুল হাসান শামিম, সাবেক ছাত্রনেতা রুনা গাজী প্রমুখ।