খুলনা সিটি নির্বাচন
খুলনা প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৩ ১৯:৩৩ পিএম
আপডেট : ১৪ মে ২০২৩ ২২:০০ পিএম
মেয়র পদে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল নেতাকর্মীসহ মনোনয়নপত্র দাখিল করেন। প্রবা ফটো
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া শুরু হয়েছে। রবিবার (১৪ মে) বিকাল ৫টা পর্যন্ত রিটার্নিং অফিসারের কার্যালয়ে একজন মেয়র প্রার্থীসহ ৬১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। মেয়র পদে ইসলামী আন্দোলনের প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল আউয়াল নেতাকর্মীসহ মনোনয়নপত্র জমা দেন। এ ছাড়া সাধারণ কাউন্সিলর পদে ২৬জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে সাতজন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মেয়র পদে আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও স্বতন্ত্রসহ সাতজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। সাধারণ কাউন্সিলর পদে ১৮২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৪০ জনসহ মোট ২২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
তবে প্রধান বিরোধীদল বিএনপি বা তাদের সমর্থক কেউ এখনও মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেনি।
রিটার্নিং অফিসারের দপ্তর সূত্রে জানা গেছে, মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহকারীদের মধ্যে আওয়ামী লীগের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, জাতীয় পার্টির মেয়র প্রার্থী শফিকুল ইসলাম মধু, স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান, আগুয়ান-৭১ সংগঠনের মো. আব্দুল্লাহ চৌধুরী, সাবেক সংসদ সদস্য আব্দুল গাফফার বিশ্বাস ও গত নির্বাচনে জাতীয় পার্টির মেয়র প্রার্থী এসএম শফিকুর রহমান মুশফিক রয়েছেন।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আগামী ১৬ মে মনোনয়ণপত্র দাখিলের শেষ সময়। ২৫ মে মনোনয়নপত্র প্রত্যাহার ও ২৬ মে প্রতীক বরাদ্দ হবে। ১২ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মহানগরের ৩১টি ওয়ার্ডে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৫২৯ জন।এরমধ্যে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ৬৮ হাজার ৮৩৩ ও নারী ভোটার ২ লাখ ৬৬ হাজার ৬৯৬ জন।