প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ মে ২০২৩ ১৪:৩৮ পিএম
আপডেট : ১৩ মে ২০২৩ ১৫:০১ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন জাতীয় সমাজতান্ত্রিক দল-- জেএসডির সভাপতি আ স ম আবদুর রবকে দেখতে গেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৩ মে) সকালে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান ফখরুল। তিনি জেএসডি নেতার পাশে কিছুক্ষণ থাকেন এবং তার চিকিৎসার খোঁজখবর নেন।
এ সময় রবের সহধর্মিণী তানিয়া রব, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন।
পরে বিএনপি মহাসচিব সাংবাদিকদের বলেন, ‘ওনাকে (আ স ম রব) দেখতে এসেছিলাম। চিকিৎসকরা নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা করছেন। আজকে ওনাকে সিসিইউ থেকে কেবিনে আনা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘রব ভাই একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব, যিনি এ দেশে স্বাধীনতাযুদ্ধে অবদান রেখেছিলেন। তিনি এখনও এ মুহূর্তে এত বয়স হয়ে যাওয়ার পরেও দেশের জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য সংগ্রাম করে যাচ্ছেন, লড়াই করে যাচ্ছেন। আশা করি উনি শিগগিরই সুস্থ হয়ে উঠবেন এবং গণতন্ত্র মুক্তির যে সংগ্রাম চলছে, তাতে নেতৃত্ব দেবেন।’
এ সময় প্রবীণ এই রাজনীতিকের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চান মির্জা ফখরুল।
আ স ম আবদুর রব হৃদরোগজনিত অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার রাতে তাকে ভর্তি করা হয়।