× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপির কর্মসূচিতে হামলা, তাবিথ আউয়ালসহ আহত কয়েকজন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২২ ২১:৫৯ পিএম

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২ ২২:৪৪ পিএম

বিএনপির কর্মসূচিতে হামলা, তাবিথ আউয়ালসহ আহত কয়েকজন

বনানীতে বিএনপির মোমবাতি প্রজ্বালন কর্মসূচিকে কেন্দ্র করে দলটির নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।

এতে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও আন্তর্জাতিক-বিষয়ক কমিটির সদস্য তাবিথ আউয়ালসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এর মধ্যে তাবিথের অবস্থা গুরুতর। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জ্বালানি তেল, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি এবং ভোলা ও নারায়ণগঞ্জে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে রাজধানীতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি করেছিল বিএনপি।

সন্ধ্যায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে বনানীর কাকলীতে মোমবাতি প্রজ্বালনের এ কর্মসূচি পালন করে। কামাল আতাতুর্ক এভিনিউ সড়কের একপাশে মোমবাতি হাতে ফুটপাতে দাঁড়িয়ে ছিলেন নেতাকর্মীরা।

কর্মসূচি শেষে ফেরার পথে হামলা হয় বলে জানিয়েছেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, ‘কর্মসূচি শেষ করে তাবিথ আউয়ালসহ নেতাকর্মীরা ফিরে যাওয়ার সময় পেছন থেকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালায়।’ 

তিনি বলেন, ‘তাবিথসহ অনেকে আহত হয়েছেন। তাবিথকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোয়াজ্জেম হোসেন আলাল প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।’

বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য তাবিথ ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ছিলেন।

বিএনপির অভিযোগের বিষয়ে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের কারণেও হামলা হতে পারে বলে মনে করছেন বনানী থানার ওসি নূরে আজম মিয়া। তিনি বলেন, ‘বিএনপির কর্মসূচি শেষ হওয়ার পর তাদের ওপর হামলা হয়েছে বলে শুনেছি। কারা হামলা করল--বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তাদের নিজেদের কোন্দলে কোনো ঘটনা ঘটল কি না, সেটিও দেখা হচ্ছে।’

বনানীর এ কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনও ছিলেন।

তিনি বক্তৃতায় বলেন, ‘দেশে আজ মানবাধিকার নাই, গণতন্ত্র হত্যা করা হয়েছে। দেশের অর্থনীতি আজকে ধ্বংসের কিনারায় চলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের নাভিঃশ্বাস উঠেছে। এসবের প্রতিবাদ জানাতে আমাদের এ নীরব প্রতিবাদী কর্মসূচি।

মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান, সদস্য সচিব আমিনুল হক, কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদ, নাজিম উদ্দিন আলম, শিরিন সুলতানা, এসএম জাহাঙ্গীর কর্মসূচিতে অংশ নেন।

এদিকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলুর ওপর কুমিল্লায় হামলা হয়েছে। নোয়াখালীর বেগমগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে কুমিল্লা মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকালে এ হামলা হয়।

বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান জানান, ছাত্রলীগ-যুবলীগ হামলা চালিয়েছে। প্রথমে নাথেরপেটুয়া ভুইয়া মেডিকেল কলেজ হাসপাতাল, পরে আশঙ্কাজনক অবস্থায় বুলুকে ঢাকায় আনা হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া। 

তিনি বলেন, মনোহরগঞ্জের বিপুলাসার বাজারে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু স্ত্রীসহ আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত হামলার শিকার হয়েছেন। বুলু ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক। হামলায় আরও আহত হয়েছেন বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন।

প্রবা/আরএম/এমআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা