প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ মে ২০২৩ ১৭:০৬ পিএম
আপডেট : ০৭ মে ২০২৩ ১৮:৩০ পিএম
যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি (বাঁয়ে) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : সংগৃহীত
বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে, এমনটাই আশা করে যুক্তরাজ্য। লন্ডনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলাপকালে এ ধরনের মনোভাব ব্যক্ত করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি।
ঢাকার যুক্তরাজ্যের হাইকমিশনের ফেসবুক পেজের এক সংক্ষিপ্ত নোটিসে এসব কথা বলা হয়েছে।
নোটিসে বলা হয়, যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডনে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। তারা নির্বাচনের পাশাপাশি দুই দেশের বাণিজ্য, রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধান, মুক্ত ও অবাধ ইন্দো-প্যাসিফিক নিয়ে আলোচনা করেন।
ওই বৈঠক-সংশ্লিষ্ট এক প্রতিবেদনে বাসস জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকারও বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন যুক্তরাজ্যের মতো অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চায়।
লন্ডনে ক্লারিজ হোটেলের দ্বিপাক্ষিক সভা কক্ষে প্রধানমন্ত্রীর সঙ্গে দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লিভারলি এবং তার সহধর্মিনী সুজানা স্পার্কসের অনুষ্ঠিত বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর বরাত দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। আমার দল সব সময় দেশে গণতন্ত্র বজায় রেখেছে। আমরা দেশের গণতন্ত্রকে একটি শক্তিশালী ভিত্তি দিয়েছি।’
বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী।
আবদুল মোমেন বলেন, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে ব্রিটেন বাংলাদেশের পাশে থাকবে। ব্রিটিশ সরকার রোহিঙ্গা ইস্যুতে নিরাপত্তা পরিষদে একটি বিল তুলেছে এবং রেজল্যুশন পাস করতে কার্যকর ভূমিকা রেখেছে।
সূত্র : ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশন