প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ মে ২০২৩ ১৮:৪৭ পিএম
আপডেট : ০৬ মে ২০২৩ ১৯:২১ পিএম
গুলশানে শাইনপুকুর স্যুটসের সিগনেচার হলে তৃণমূল বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অন্তরা সেলিমা হুদা। প্রবা ফটো
তৃণমূল বিএনপি আগামী সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নাকি বিএনপির সঙ্গে জোট বাঁধবে, তা পরিস্থিতি বলে দেবে বলে জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রয়াত নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিমা হুদা। শনিবার (৬ মে) দুপুরে গুলশানে শাইনপুকুর স্যুটসের সিগনেচার হলে তৃণমূল বিএনপি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে এটি তার প্রথম সংবাদ সম্মেলন। এর আগে ৫ মে দলটির অভ্যন্তরীণ মিটিংয়ে সর্বসম্মতিক্রমে অন্তরা হুদাকে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিএনপির অবস্থান জানতে চাইলে অন্তরা সেলিমা হুদা বলেন, ‘পরিস্থিতি বলে দেবে আমরা কোন জোটে থাকব বা কোন জোটে থাকব না। সেটা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ও জনগণের স্বার্থে যা হবে, আমরা সেটাই করব। এ বিষয়ে আগাম বলতে চাই না।’
তিনি বলেন, ‘আমার বাবার বিএনপির রাজনীতি দেখে ছোটবেলা থেকে বিএনপিকে ভালোবাসি। আমি ছোটকাল থেকে বিএনপি করতাম আমার বাবার জন্য। আমি জিয়াউর রহমনাকে কখনও দেখিনি। তৃণমূল বিএনপি আমার বাবার দল। যেহেতু আমি বাবার আদর্শে রাজনীতিতে এসেছি, তার আদর্শ ধরেই কাজ করব।’
জাতীয় নির্বাচন খুব বেশি দূরে নয়, এই অবস্থায় তৃণমূল বিএনপি জোটবদ্ধ হবে কি না বা কাদের সঙ্গে হবে, এমন প্রশ্নে দলটির মহাসচিব মেজর ডা. শেখ হাবিবুর রহমান বলেন, ‘আমাদের একটা জাতীয় জোট আছে বিএনএফ। আগে ৩১টি দল ছিল। আমরা প্রথমে তাদের সংগঠিত করব, যারা তৃণমূল বিএনপির আদর্শে বিশ্বাসী। আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেব।’
সংবাদ সম্মেলনের শুরুতে সাবেক যোগাযোগমন্ত্রী ও তৃণমূল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়াম্যান প্রয়াত ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী ও তৃণমূল বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট সিগমা হুদা প্রধান অতিথি হিসেবে দলটির কার্যক্রম ও পরিকল্পনা লিখিতভাবে পড়ে শোনান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘‘নাজমুল হুদা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের দ্বারা জনগণের জন্য জনতার সরকার গঠনের লক্ষ্যে ‘তৃণমূল বিএনপি’ গঠন করেন। দুর্নীতি ও পেশিশক্তিমুক্ত একটি রাজনৈতিক পরিবেশ তৈরি করতে, সেই সঙ্গে সুশাসন প্রতিষ্ঠা করতে তার দল কাজ করবে।’’
এ সময় দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল বিএনপি দেশব্যাপী সদস্য সংগ্রহ, দলের তহবিল, নির্বাচনী তহবিল সংগ্রহ ও ৩০০ আসনে প্রার্থীর তালিকা তৈরি করতে কাজ করবে বলে জানান সিগমা হুদা।
আসন্ন নির্বাচনে তার দলের অবস্থান জানতে চেয়ে প্রশ্ন করা হলে সিগমা হুদা বলেন, ‘আমরা নির্বাচনে কারও পক্ষে না আবার বিপক্ষেও না। জনগণ ও দেশের জন্য যা মঙ্গল তৃণমূল বিএনপি সেই পথেই কাজ করবে। জোটবদ্ধ হব কি না, সেটা ভাবছি না।’
চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি মারা যান বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা। এর তিন দিন আগে ১৬ ফেব্রুয়ারি নাজমুল হুদার প্রতিষ্ঠিত দল তৃণমূল বিএনপি রাজনৈতিক দল হিসেবে নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পায়।