রাজশাহী অফিস
প্রকাশ : ০৩ মে ২০২৩ ০০:৪৮ এএম
রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয় সভা। প্রবা ফটো
বাংলাদেশ ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ আসনের এমপি ফজলে হোসেন বাদশা বলেছেন, দেশের রাজনীতি বুঝতে হলে লন্ডনে বসে থাকলে হবে না। দেশে এসে রাজনীতিতে অংশ নিতে হবে। জামায়াত-বিএনপি সব নির্বাচনকে সমালোচিত করতে চায়। আসন্ন সবকটি নির্বাচন হবে প্রতিদ্বন্দ্বিতামূলক।
রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচন উপলক্ষে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাদশা এসব কথা বলেন। মঙ্গলবার (২ মে) সন্ধ্যায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের রাজনৈতিক কার্যলয়ে এ সভা হয়।
১৪ দলীয় জোটের এই নেতা আরও বলেন, বিএনপি নির্বাচন বর্জন করলে দেশে গণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ হয়ে যায়; এই ধারণাটা আমরা মুছে ফেলতে চাই। আমরা দেখাব জনগণের গণতান্ত্রিক বোধ আছে, তারা বোঝেন ভোট না দিলে আমার নগরের সেবা বন্ধ হয়ে যাবে। নির্বাচনটাকে অর্থবহ করার জন্য ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য এটাও আমাদের একটা রাজনৈতিক কৌশল।
ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীর উন্নয়নে বন্ধ কলকারখানা চালু করা গুরুত্বপূর্ণ। এ জন্য আমরা মেয়র লিটনকে নিয়ে সরকারের কাছে প্রয়োজনীয় দিক-নির্দেশনা তুলে ধরব। মেয়র নিজেও বারবার এই অঞ্চলে কর্মসংস্থান সৃষ্টির ওপর জোর দিচ্ছেন।
আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য, ১৪ দলের রাজশাহীর আহ্বায়ক ও রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আসন্ন রাজশাহী সিটি নির্বাচনে আওয়ামী লীগসহ ১৪ দল আমাকে মনোনীত করেছে। নির্বাচনে আমরা জোটবদ্ধভাবে জয়লাভ করতে চাই।’
জামায়াত-বিএনপি নির্বাচনকে সমালোচিত করতে চায় উল্লেখ করে লিটন বলেন, ‘জামায়ত-বিএনপি বলে বেড়াচ্ছে এই নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, কেউ ভোট দিতে যাবে না। নির্বাচনে ভোটাররা যাতে না আসেন, এ জন্য তারা এই অপপ্রচার চালাচ্ছে। তাদের এই ষড়যন্ত্র প্রতিহত করতে আমাদের দলীয় নেতাকর্মীরাও মাঠে আছেন।’ তিনি আরও বলেন, এই সিটি নির্বাচনের পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনেও আমরা জোটগতভাবে কাজ করতে চাই। সেটারই একটা ওয়ার্মআপ করতে চাই রাসিক নির্বাচনে।
খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ন্যাপের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক বাছেদ হোসেন প্রামাণিক, জাসদের রাজশাহী মহানগরের সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলী, সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু, রাজশাহী জেলা সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক এসএম ওমর ফারুক প্রমুখ।