× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতান্ত্রিকভাবে না চললে দলে থাকব না : রাঙ্গা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৬ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১৬:৪০ পিএম

জাতীয় পার্টি থেকে সদ্য বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা। ছবি : প্রবা

জাতীয় পার্টি থেকে সদ্য বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা। ছবি : প্রবা

জাতীয় পার্টির (জাপা) গঠনতন্ত্রে দলের চেয়ারম্যানকে যে সর্বময় ক্ষমতার অধিকারী করা হয়েছে তাকে ‘গণতন্ত্রবিরোধী’ আখ্যা দিয়ে দল থেকে পদত্যাগের কথা বলেছেন সদ্য বহিষ্কৃত প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙ্গা।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেন রাঙ্গা, যাকে বুধবার দলের শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বহিষ্কার করা হয়েছে প্রেসিডিয়াম কমিটি থেকে। 

রাঙ্গা এখন জাতীয় সংসদে প্রধান বিরোধীদলীয় চিফ হুইপ। পদে তিনি থাকতে পারবেন কি না, তা নিয়েও সংবাদ সম্মেলনে শঙ্কা প্রকাশ করেছেন। 

মশিউর রহমান রাঙ্গা তার বহিষ্কারের কারণ ব্যাখ্যায় বলেন, ৩১ আগস্ট দলের প্রেসিডিয়ামের জরুরি সভা ডেকে চেয়ারম্যান জি এম কাদের বলেন, রওশন এরশাদকে সংসদে প্রধান বিরোধীদলীয় নেতার পদে রাখা যাবে না। আমি বললাম, এটা অন্যায়, ঠিক হচ্ছে না৷ তিনি এরপর ১ সেপ্টেম্বর প্রেসিডিয়ামের জরুরি সভা ডেকে রেজুলেশন ঠিক করলেন। জাপার ২৭ এমপির ২৪ জন স্বাক্ষর করেন রেজুলেশনে। তারা সিদ্ধান্ত নিলেন, সংসদে বিরোধীদলীয় নেতা হবেন জি এম কাদের৷

রাঙ্গা বলেন, ‘আমাকে বাধ্য করা হলো রেজুলেশনে স্বাক্ষর করে তা সংসদের স্পিকারকে দিতে, যেহেতু আমি দলের হুইপের দায়িত্বে রয়েছি৷ আমি তখনও বললাম, রওশন এরশাদ আমাদের মায়ের মতো। আমাদের মাননীয় চেয়ারম্যান আজীবন দলের চেয়ারম্যান থাকলে রওশন এরশাদও দলের নেতা হিসেবে থাকবেন। এটা বলাতে আমাকে প্রেসিডিয়াম থেকে বহিষ্কার করা হয়েছে, দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।’

গত বুধবার বহিষ্কাকারাদেশ আসার পর রাঙ্গা জি এম কাদেরকে হুমকি দিয়ে রাজনৈতিকভাবে লড়াই করার কথা বলেছিলেন। রংপুরে তার নির্বাচনী এলাকায় সংঘাত হয়েছে জাপার দুই পক্ষে। 

তবে একদিন যেতেই রাঙ্গা সুর বদলে বলছেন, ‘দলের চেয়ারম্যানের সাথে লড়াই, ঝগড়া করে লাভ নেই। আমি কর্মীদের নিষেধ করে দিয়েছি, কোনো সংঘাতে না যেতে।’

জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০(ক) ধারায় বলা হয়েছে, দলের চেয়ারম্যান তার একক ক্ষমতাবলে সর্বময় ক্ষমতার অধিকারী হবেন। 

এ ধারাটির সমালোচনায় দলের সাবেক এই মহাসচিব বলেন, ‘আমরা বলছি গণতন্ত্রের চর্চা করব। কিন্তু দলে গঠনতন্ত্রবিরোধী ধারা থাকবে, তা তো হতে পারে না৷ আমি বলছি, জাপা যদি নিয়মতান্ত্রিকভাবে না চলে, দলে যদি গণতন্ত্র না থাকে তবে আমি আর দলে থাকব না। তবে এই কথাও বলে রাখি, আমি অন্য কোনো দলও কোনোদিন করব না।’

দলে ভাঙনের আশঙ্কার কথা জানিয়ে তিনি বলেন, ‘দলটি আটবার ভেঙেছে। আমি চাই না দলটা আর ভাঙুক। আমাকে দলে না রাখুক, নির্বাচনে মনোনয়ন না দিন, তবুও বলব দলকে টিকিয়ে রাখার যুদ্ধটা আমি করব।’ 

রওশন এরশাদের কাউন্সিল ডাকা নিয়ে দলে যে বিতর্ক চলছে সে প্রসঙ্গে তিনি বলেন, ‘এটা তারা দেবর-ভাবি বসে ঠিক করুক। রওশন এরশাদ আমাদের মায়ের মতো। তার সঙ্গে মাননীয় চেয়ারম্যানের বসা উচিত। দলটাকে ঠিক রাখতে, পরিচালনা করতে তারা দুজনেই দক্ষ।’

জি এম কাদেরের নানা দুর্নীতি ফাঁস করে দেবেন বলে যে হুমকি দিয়েছিলেন, সে প্রসঙ্গে সাবেক মহাসচিব রাঙ্গা বলেন, ‘আড়াই বছর তার সঙ্গে ছিলাম। ভেতরের অনেক খবর জানি। তবে এখনই তা বলব না।’

জি এম কাদেরকে রাঙ্গার সংবাদ সম্মেলন প্রসঙ্গটি জানিয়ে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘অভিযোগ থাকতে পারে৷ দলের যা সিদ্ধান্ত হয়েছে তা দলীয় কমিটিতে হয়েছে। এ বিষয়ে বেশি কিছু বলার নেই।’

মসিউর রহমান রাঙ্গা রংপুর-১ আসনে জাতীয় পার্টির সংসদ সদস্য। তিনি একসময় জাতীয় পার্টির মহাসচিবের দায়িত্বও পালন করেছেন। এরশাদ জীবিত থাকাকালে ২০১৮ সালে রাঙ্গাকে দলের মহাসচিব করা হয়।

২০১৯ সালের ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির নবম কাউন্সিলে মহাসচিবের পদে পাকাপোক্তভাবে বসেন মশিউর রহমান রাঙ্গা। সাত মাস না হতেই তাকে ওই পদ হারাতে হয়।

প্রবা/জিজি/জেআই

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা