× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আন্দোলনের কৌশল ঠিক করতে গণফোরাম-পিপলস পার্টির সঙ্গে বিএনপির বৈঠক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১৫:৫৮ পিএম

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১৬:২০ পিএম

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপি। প্রবা ফটো

শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক করেন বিএনপি। প্রবা ফটো

সরকার পতনের যুগপৎ আন্দোলনের কর্মকৌশল ঠিক করতে গণফোরাম ও পিপলস পার্টির সঙ্গে বৈঠক করেছে বিএনপি।

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দেড় ঘণ্টার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘চলমান যুগপৎ আন্দোলনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, কীভাবে বেগবান করা যায়, কীভাবে আন্দোলনের ফলাফল যাতে জনগণের কাছে যায়, দেশের মানুষের মুক্তির আন্দোলনকে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার জন্য আমাদের কী কী কর্মসূচি হতে পারে, আন্দোলনের গতি-প্রকৃতি কী হতে পারে তা নিয়ে আমরা আলোচনা করেছি।’

তিনি বলেন, ‘দেশের মুক্তিকামী মানুষ আন্দোলনের সফলতার দিকে তাকিয়ে আছে। আন্দোলনের প্রয়োজনীয় কর্মসূচি দরকার। সেটা আমরা আলোচনা করেছি। সেভাবে আমরা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব। আমরা যুগপৎ আন্দোলনের দলগুলো আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত ধরে চলছি। বিজয় না আসা পর্যন্ত এই ধারা অব্যাহত থাকবে।’

তবে কী কী কর্মসূচি আসছে তা জানাননি তিনি।

গণফোরামের সভাপতি মোস্তফা মহসীন মন্টু বলেন, ‘চলমান আন্দোলন জোরদার করার জন্য আজকে বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করছি। আলোচনা ফলপ্রসূ হয়েছে।’

তিনি বলেন, ‘মানুষের প্রচুর সমর্থন আমাদের প্রতি আছে। ঋণখেলাপি থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রে সরকারের দুর্নীতি মহামারি আকার ধারণ করেছে। এর থেকে পরিত্রাণ মানুষ চায়। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং সফল হব ইনশাল্লাহ।’

বৈঠকে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর নেতৃত্বে দলের সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ, একেএম জগলুল হায়দার আফ্রিক, মহিউদ্দিন আবদুল কাদের এবং পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সর্দার চাখারী, মহাসচিব আবদুল কাদের ও কো-চেয়ারম্যান রফিকুল ইসলাম রনো উপস্থিত ছিলেন।

বিএনপির লিয়াজোঁ কমিটিতে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা