প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৩ ২১:৪৪ পিএম
আপডেট : ২৭ এপ্রিল ২০২৩ ২২:২১ পিএম
সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে বিএনপি গণতন্ত্র ও ভোটাধিকার রক্ষায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করছে বলে মন্তব্য করেছেন দলটির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) বিকালে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সূর্যপুর রাবার ড্যাম এলাকায় গাজিরভিটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের ওয়ার্ডভিত্তিক কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ’একদিকে গণতন্ত্র ও ভোটাধিকার হরণ, অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎসংকট, সারের মূল্যবৃদ্ধি, ধানসহ কৃষিপণ্যের ন্যায্যমূল্য না পাওয়াসহ কর্মসংস্থানের অভাব, আয়-রোজগার সংকুচিত হওয়ায় জনগণ মানবেতর জীবনযাপন করছে। দেশ, দেশের জনগণ, গণতন্ত্রের এই দুঃসময়ে জনগণের দল বিএনপি বসে নেই। সরকারের জুলুম-নির্যাতন উপেক্ষা করে বিএনপি গণতন্ত্র, ভোটাধিকার ও জানমাল রক্ষায় নিরবচ্ছিন্ন সংগ্রাম করে যাচ্ছে।’
তিনি বলেন, ’গণবিচ্ছিন্ন সরকার আবারও একতরফা নির্বাচনের নামে প্রহসনের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের মানুষের মতো বিদেশি বন্ধুরাও সরকারের ভোট চুরির বিরুদ্ধে সোচ্চার থাকায় বিদেশিদের করুণা ভিক্ষায় তারা দেশের চরম অর্থনৈতিক সংকটের মধ্যেও জনগণের টাকায় বিশাল লটবহর নিয়ে বিদেশে ধরনা দিচ্ছে। কোটি কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছে।’
এসব করে কোনো লাভ হবে না দাবি করে বিএনপির এই নেতা বলেন, ’এবার গণতন্ত্র ও ভোটাধিকার হরণকারীদের বিদায় নিতেই হবে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।’
দলের নেতাকর্মীদের চূড়ান্ত আন্দোলনের লক্ষ্যে জনগণকে প্রস্তুত করার এবং নিজেদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
হালুয়াঘাট উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সারোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মিসভায় ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য অধ্যাপক আমজাদ আলী, আসলাম মিয়া বাবুল, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আবু হাসনাত বদরুল কবির, উপজেলা বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, আবদুস সাত্তার, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক হোসনে আরা নীলু, জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুহুল আমিন খান প্রমুখ বক্তব্য দেন।
এর আগে দুপুরে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন গাজীরভিটা ইউনিয়নের কাটাবাড়ী গ্রামে ঈদের দিন সীমান্তের ওপার থেকে আসা বন্যহাতির আক্রমণে বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন এবং হাতির আক্রমণে নিহত ফজলুল হকের বাড়িতে গিয়ে তার পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করে তাদের সমবেদনা জানান। এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে নিহতের মার কাছে আর্থিক সহায়তা প্রদান করেন।