রংপুর সংবাদদাতা
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১০:৫৯ এএম
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২ ১১:৪২ এএম
রংপুরে জাপা ও রাঙ্গার সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে
জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গাকে জাতীয় পার্টি (জাপা) থেকে অব্যাহতির ঘটনায় রংপুরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার (১৪ সেপ্টেম্বর) রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন।
এদিন রাতে নগরীর জাহাজ কোম্পানির মোড়ে মসিউর রহমান রাঙ্গার পক্ষে মোটর মালিক সমিতির চেইন মাস্টাররা প্রতিবাদ মিছিল বের করেন। এ সময় তাদের সঙ্গে জাপার জেলা ও মহানগরের নেতাকর্মীদের ওই সংঘর্ষ হয়।
এর আগে রাত সাড়ে ৮টায় নগরীর সেন্ট্রাল রোডে দলীয় কার্যালয়ে জেলা ও মহানগরের নেতাকর্মীদের নিয়ে আলোচনা সভা হয়। এতে সবাই পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সিদ্ধান্ত মেনে চলার অঙ্গীকার করেন।
এ সময় মসিউর রহমান রাঙ্গাকে জিএম কাদেরের কাছে ক্ষমা চেয়ে দলে ফিরে আসার আহ্বান জানান রংপুর সিটি করপোরেশনের মেয়র ও মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, জেলা শাখার সাধারণ সম্পাদক আবদুর রাজ্জাক, যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান হোসেনসহ অন্যরা।
পাশাপাশি এ সভায় রংপুরে জিএম কাদেরকে নামতে দেওয়া হবে না--রাঙ্গার এমন মন্তব্যের নিন্দা জানান তারা। এমন বাধা এলে তা প্রতিহত করার ঘোষণাও দেন উপস্থিত নেতাকর্মীরা।
সভা শেষ করে দলীয় নেতাকর্মীরা চলে গেলে রাত সাড়ে ৯টায় নগরীর জাহাজ কোম্পানি মোড়ে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহ করেন রাঙ্গা সমর্থিত মোটর মালিক সমিতির কর্মীরা। এরপর বিক্ষোভকারীরা জাহাজ কোম্পানি মোড় থেকে একটি মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন। এ কর্মসূচি পালনের সময় জাহাজ কোম্পানি মোড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এদিকে, জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহের খবর পেয়ে জাপা নেতাকর্মীরা জাহাজ কোম্পানি মোড়ে ছুটে আসেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। ইট-পাটকেল নিক্ষেপের কারণে উভয়পক্ষের কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জাতীয় পার্টির চেয়ারম্যানের কুশপুত্তলিকা দাহসহ নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে নগরীতে বিক্ষোভ করেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। একই সঙ্গে মসিউর রহমান রাঙ্গার কুশপুত্তলিকাও দাহ করেন তারা।
এ বিষয়ে মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির বলেন, ‘আমরা জাতীয় পার্টি ঐক্যবদ্ধ রয়েছি। মসিউর রহমান রাঙ্গা রাতের অন্ধকারে মোটর মালিক সমিতির সন্ত্রাসীদের দিয়ে জিএম কাদেরের কুশপুত্তলিকা দাহসহ মিছিল করিয়েছেন। পরে আমরা তাদের মিছিল ছত্রভঙ্গ করে তাড়িয়ে দিতে সক্ষম হয়েছি।’
তবে এ ব্যাপারে জানতে মসিউর রহমান রাঙ্গার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
রংপুর কোতোয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। নগরীতে অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রবা/এনএস/এমজে