× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শেখ হাসিনার গাড়িবহরে হামলার রায় ‘ফরমায়েশি’, প্রত্যাখ্যান বিএনপির

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৩ ১৬:০৭ পিএম

আপডেট : ১৮ এপ্রিল ২০২৩ ১৬:৩৫ পিএম

বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো

বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রবা ফটো

প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ে বিএনপির সাবেক এমপি ও দলটির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনের যাবজ্জীবন ও ৪৪ জনের সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ রায়কে ‘ফরমায়েশি’ বলে মন্তব্য করেছে বিএনপি।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটি রায় প্রত্যাখ্যান করেছে। 

দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিরোধী দলকে নির্মূলের জন্য বেছে বেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অবৈধ সরকারের নির্দেশেই রায় দেওয়া হচ্ছে।’

সাতক্ষীরায় দুই দশক আগে তৎকালীন বিরোধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় হওয়া অস্ত্র ও বিস্ফোরকদ্রব্য আইনের দুই মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে মামলার আরও ৪৪ আসামিকে সাত বছর করে কারাদণ্ড দেওয়া হয়।

বেলা ১১টায় সাতক্ষীরা জজ আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল-৩-এর বিচারক বিশ্বনাথ মণ্ডল এ দুই মামলার রায় ঘোষণা করেন।

এ প্রসঙ্গে প্রিন্স বলেন, ‘প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে সরিয়ে দেওয়াসহ আওয়ামী সরকারের নির্দেশে আদালতকে দিয়ে অনেক কিছুই করা হয়েছে এবং হচ্ছে। এসব কার নির্দেশে হচ্ছে সেটির জন্য বেশি লেখাপড়ার প্রয়োজন পড়ে না। সাধারণ জনগণও তা বুঝে গেছে। শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার আজকের রায়ও আওয়ামী সরকারের ইচ্ছার বাইরে হয়নি। আইন আদালতকেও সরকার প্রতিহিংসা চরিতার্থের রাজনীতির অনুষঙ্গ করে ফেলেছে।’

তিনি বলেন, ‘একটি মামলাকে পরবর্তীতে তিনটি মামলায় বিভক্ত করে সাতক্ষীরা জেলা বিএনপির নেতাকর্মীদের সীমাহীন ও নিষ্ঠুর নির্যাতন ও হয়রানি করা হয়েছে। হাবিবুল ইসলাম হাবিবসহ বিএনপি নেতাকর্মীরা এই ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও প্রতিহিংসার কারণে অবৈধ সরকার তাদের এই মিথ্যা মামলার সঙ্গে জড়িত করেছে। অথচ এফআইআরে হাবিবুল ইসলাম হাবিবের নামটি পর্যন্ত ছিল না। সেদিন হাবিবুল ইসলাম ঢাকায় অবস্থান করছিলেন, ঘটনাটি বেলা ১১.৫০ মিনিটে ঘটে এবং ঘটনার পরপরই দুপুর ১টায় বিবিসি থেকে হাবিবুল ইসলাম হাবিবের ঢাকার টিঅ্যান্ডটি ফোনে কল করে সাক্ষাৎকার নেওয়া হয়। হাবিবুল ইসলাম হাবিব যদি ঘটনার সময় সাতক্ষীরার কলারোয়ায় উপস্থিত থাকেন, তবে তার পক্ষে কীভাবে সেদিনই ঢাকায় এসে ল্যান্ডফোনে বিবিসির সঙ্গে কথা বলা সম্ভব?’

বিএনপি নেতার দাবি, এই ঘটনায় কেউ হতাহত ছিল না, কিন্তু পরে একজনকে আহত সাজিয়ে মামলা করা হলেও তিনি সাক্ষী দিতে যাননি। এমনকি যেসব সাংবাদিককে সাক্ষী করা হয়েছিল, মূলধারার সংবাদপত্রের সাংবাদিকরাও এই সাজানো মামলায় সাক্ষী দেননি। ঘটনার এক যুগ পর পাকা রাস্তার ওপর থেকে একটি বুলেটের খোসা উদ্ধারের নাটক সাজিয়ে মামলাটিকে পরিচালনা করা হয়।

প্রিন্স বলেন, ‘‘সরকার নিজেরাই নাশকতার সৃষ্টি করে ‘উদোর পিণ্ডি বুধোর ঘাড়ে’ চাপানোর মতো পরিকল্পনা করছে। এই রায় তেমনি। জাতীয় নির্বাহী কমিটির প্রকাশনাবিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবসহ অন্যান্য নেতাকর্মীকে জড়ানো হয়েছে মিথ্যা মামলায়। তাদের বিরুদ্ধে আজ যে দণ্ড ঘোষণা করা হলো, তা সম্পূর্ণরূপে ফরমায়েশি।’’

তিনি বলেন, ‘বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এই রায় ঘোষণার ঘটনা শুধু অবান্তর ও হাস্যকরই নয়, এটি একটি সুদূরপ্রসারী মাস্টারপ্ল্যানেরই অংশ। আমরা আজকের এই রায়ের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি।’

সংবাদ সম্মেলন থেকে তিনি বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে করা সব মামলা প্রত্যাহারসহ বন্দিদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। 

গত রাতে সাতক্ষীরায় কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম, সদস্য সচিব শফিকুল ইসলাম বাবু, যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম, শ্যামনগর উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুল আলমসহ ১৫ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনায় তীব্র নিন্দাও জানায় বিএনপি। 

এ ছাড়া শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়ের বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করার সময় জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমতাজুল হক চন্দনসহ ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তারের ঘটনারও প্রতিবাদ জানান। তাদের অবিলম্বে মুক্তির দাবি জানায় বিএনপি। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা